দেশে চলমান হাম পরিস্থিতির অবনতি হলে হাসপাতালের চিকিৎসা সক্ষমতা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি আশ্বস্ত করেছেন যে, হাম আক্রান্ত রোগীদের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।
শুক্রবার (১৫ মে) বিকেলে রাজধানীর মহাখালীতে ডিএনসিসি হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের চিকিৎসায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত এমন কোনো পদ্ধতি নেই যা বর্তমানে রোগীদের প্রদান করা হচ্ছে না। সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে স্বল্প সময়ে নানামুখী প্রতিকূলতার কারণে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হচ্ছে।
দ্রুততম সময়ে হামের টিকা আমদানির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার এরই মধ্যে পর্যাপ্ত টিকার ব্যবস্থা করেছে। তবে টিকার সুফল পেতে কিছুটা সময় লাগে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। যদি পরিস্থিতির আরও অবনতি ঘটে, তবে বিশেষায়িত হাসপাতালগুলোতে বেড ও চিকিৎসা সক্ষমতা দ্রুত বৃদ্ধি করা হবে।
এদিকে দেশে হামের প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে নতুন করে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দুই মাসে দেশজুড়ে এই রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১ জনে।
বিশেষজ্ঞরা বলছেন, টিকার আওতা বাড়ানো এবং দ্রুত রোগ নির্ণয় করে চিকিৎসার ব্যবস্থা করা না গেলে প্রাণহানির ঝুঁকি আরও বাড়তে পারে। হাসপাতাল পরিদর্শনের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
ডিবিসি/এসএফএল