দেশব্যাপী হামের বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কের ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
এই ক্যাম্পেইনের আওতায় ১৮টি জেলার ৩০টি উপজেলা ও ৪টি সিটি করপোরেশনসহ দেশের সব এলাকা মিলিয়ে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হবে। কেন্দ্রীয় উদ্বোধনের পাশাপাশি প্রতিটি জেলা, উপজেলা, পৌরসভা এবং সিটি করপোরেশনেও স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে; যেখানে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
দেশব্যাপী কয়েক ধাপে এই টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে। এর মধ্যে গত ৫ এপ্রিল শুরু হওয়া প্রথম ধাপের কার্যক্রম চলবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত এবং ১২ এপ্রিল শুরু হওয়া কর্মসূচি চলবে ১২ মে পর্যন্ত। অন্যদিকে, সোমবার থেকে শুরু হওয়া দেশব্যাপী এই বিশেষ ক্যাম্পেইন সিটি করপোরেশন এলাকাগুলোতে আগামী ২০ মে এবং দেশের অন্যান্য স্থানে ১২ মে পর্যন্ত অব্যাহত থাকবে।
ডিবিসি/এফএইচআর