দেশে হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক শিশুর সরাসরি হাম শনাক্ত হয়েছিল এবং বাকি তিনজনের শরীরে হামের উপসর্গ ছিল। মৃত এই চার শিশুই ঢাকায় মারা গেছে।
সোমবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯৭২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ৬৪ শিশুর হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে নতুন করে মোট আক্রান্ত হয়েছে এক হাজার ৩৬ শিশু। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ৩৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৫৬৩ জন এবং হাম শনাক্তের পর ৯৩ জনসহ দেশে মোট ৬৫৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ৮৬ হাজার ৯২৩ শিশুর শরীরে। এদের মধ্যে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ৭১ হাজার ৪৬৭ জনকে এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৬৭ হাজার ৮৭৮ শিশু।
ডিবিসি/আরএসএল