দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরে এই রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১০ জনে।
মৃতদের মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া অন্তত ৯১ শিশু প্রাণ হারিয়েছে। এর পাশাপাশি হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৫১৯ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুসারে, গতকাল সকাল ৮টা থেকে আজ শুক্রবার (৫ জুন) সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ১ হাজার ১৬৮ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে ২৪৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।
পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরে এখন পর্যন্ত সারা দেশে ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা এবং উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। চিকিৎসকেরা শিশুদের দ্রুত হামের টিকা দেওয়া এবং উপসর্গ দেখা দিলে অবিলম্বে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
ডিবিসি/এসএফএল