বাংলাদেশ

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে এবং এর উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে বুধবার (১৫ এপ্রিল) পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, মৃত তিনজনের মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন এবং বাকি দুজন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সরকারি হিসেব অনুযায়ী হামে আক্রান্ত হয়ে মোট ৩২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তবে হামের উপসর্গ নিয়ে বা সন্দেহভাজন হিসেবে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৬ জনে। 

 

এই সময়ের মধ্যে দেশে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা ২ হাজার ৯৭৩ জন এবং সন্দেহভাজন আক্রান্তের মোট সংখ্যা ১৯ হাজার ১৬১ জনে পৌঁছেছে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১২ হাজার ৩১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৭৭২ জন।

 

বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সংক্রমণের দিক থেকে রাজধানী ঢাকা বর্তমানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র ঢাকাতেই ৫০৫ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন এবং ৬১ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। একই সময়ে ঢাকা বিভাগে দুজন রোগীর মৃত্যু হয়েছে। 

 

এছাড়া রাজশাহী বিভাগে ২৬১ জন এবং চট্টগ্রাম বিভাগে ১০০ জন সন্দেহভাজন রোগী শনাক্ত করা হয়েছে। দেশের অন্যান্য বিভাগগুলোতেও সংক্রমণ অব্যাহত থাকলেও শনাক্তের হার তুলনামূলক কম। পরিস্থিতির ওপর গভীর নজরদারি রাখছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন