বাংলাদেশ

হাম ও হামের উপসর্গ নিয়ে একদিনে ৫ শিশুর মৃত্যু

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে একজন এবং হামের উপসর্গ নিয়ে আরও চারজনসহ মোট পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই তথ্য জানানো হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৩৯ জন এবং হামের উপসর্গ নিয়ে ১৯৪ জন শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ গত কয়েক সপ্তাহে এই রোগে মোট প্রাণ হারিয়েছে ২৩৩টি শিশু। সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে তিনজনই ঢাকা বিভাগের, বাকি দুজন চট্টগ্রাম ও খুলনা বিভাগের বাসিন্দা।

 

প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৭০টি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে, যার মধ্যে ৮৪৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত ও ভর্তিকৃত শিশুদের একটি বড় অংশই ঢাকা বিভাগের। বর্তমানে সারা দেশে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন শিশুদের মধ্যে বড় একটি সংখ্যা হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও সংক্রমণের হার এখনো ঊর্ধ্বমুখী।

 

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২৮ হাজার ৩৩৪টি শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৮ হাজার ৮৪৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ল্যাব পরীক্ষায় ৪ হাজার ৫৯ জনের শরীরে হামের ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। 

 

ইতিমধ্যে চিকিৎসা শেষে ১৫ হাজার ৭২৮ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন