রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে পরিচালক পদে যোগদান করতে গিয়ে এরফান জামান নুর (৩৫) নামে এক প্রতারককে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। আজ (৩০ মার্চ) সোমবার দুপুরে হাসপাতালের প্রশাসনিক ব্লক থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আটক এরফান জামান নুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখার একটি ভুয়া প্রজ্ঞাপন ও নিয়োগপত্র নিয়ে হাসপাতালে উপস্থিত হন। তিনি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে হাসপাতালের পরিচালক পদে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন। তবে তার নিয়োগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আগে থেকে অবগত নয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে শাহবাগ থানায় খবর দেয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ সুপার স্পেশালাইজড হাসপাতালের বর্তমান পরিচালক অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সীর কক্ষ থেকে অভিযুক্তকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এরফান নিজেই প্রজ্ঞাপন ও প্রয়োজনীয় কাগজপত্র জালিয়াতি করেছেন। তিনি নিজেকে ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক হিসেবে দাবি করলেও পুলিশ এখনও এর সত্যতা নিশ্চিত করতে পারেনি।
বর্তমানে অভিযুক্ত এরফান জামান নুর পুলিশ হেফাজতে রয়েছেন এবং তার পরিচয় ও নেপথ্যের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।
বিএসএমএমইউ কর্তৃপক্ষ এই ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ডিবিসি/টিবিএ