জেলার সংবাদ

হাসপাতালে ডাক্তার থাকলে নার্স নেই, নার্স থাকলে ওষুধ নেই: নাসিরউদ্দিন পাটওয়ারী

লালমনিরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারী বলেছেন, সব ধরনের নাগরিক সেবা ও উন্নয়ন থেকে চরমভাবে বঞ্চিত উত্তরের মানুষ। এখানকার স্বাস্থ্য ব্যবস্থার করুণ অবস্থা, হাসপাতালে নার্স থাকলে ডাক্তার থাকেন না, ডাক্তার থাকলে নার্স থাকেন না, আর নার্স-ডাক্তার উভয়ই থাকলেও হাসপাতালগুলোতে ওষুধ পাওয়া যায় না। শিক্ষা ব্যবস্থার অবস্থাও একইভাবে বিপর্যস্ত।

বুধবার (২২ জুলাই) রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বানিনগর উচ্চ বিদ্যালয় মাঠে 'জুলাই পথযাত্রা' উপলক্ষে আয়োজিত বিশাল জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

নাসির উদ্দিন পাটোয়ারী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুকে নিয়ে সমালোচনা করে বলেন, “এই জেলায় একজন মাফিয়া আছেন, যিনি দেশজুড়ে ত্রাণ বিতরণ করে বেড়ান এবং নানা লোকদেখানো প্রচারণায় ব্যস্ত থাকেন। অথচ খোদ লালমনিরহাট জেলার মানুষ যখন কষ্টে থাকে, তখন এখানে কোনো ত্রাণ বা কার্যকর সাহায্য পৌঁছায় না। দেশের মানুষ আজ নিজেদের মৌলিক অধিকার ও স্বাস্থ্য-শিক্ষা সেবা থেকে বঞ্চিত। প্রয়োজনে ত্রাণ মন্ত্রীর বাড়ি ঘোরাও করতে হবে।

 

তিনি আক্ষেপ করে বলেন, “লালমনিরহাটের ভৌগোলিক ও অবকাঠামোগত সমস্যাগুলোর সমাধান হচ্ছে না। সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেই, রাস্তাঘাটের উন্নয়ন থমকে আছে। স্থানীয় তামাক ও ভুট্টা চাষিরা আজ সিন্ডিকেটের খপ্পরে পড়ে চরম লোকসানের মুখে পড়েছেন। অথচ কৃষকদের ন্যায্য মূল্য সুনিশ্চিত করার দিকে কারও নজর নেই।

 

রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এনসিপি-র এই মুখ্য সমন্বয়ক আরও বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের রক্ত ও ত্যাগের বিনিময়ে যে পরিবর্তনের স্বপ্ন দেখা হয়েছিল, সেটিকে অবজ্ঞা করে জনগণের ওপর অগণতান্ত্রিক সংস্কার ও সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। অতীতে যেভাবে মাফিয়া চক্র ও দুর্নীতিবাজ ঋণখেলাপিদের সুবিধা দেওয়া হয়েছে, এখনো সেই চর্চা অব্যাহত রাখা হচ্ছে। স্থানীয় সরকারের নির্বাচনগুলোকে ঝুলিয়ে রেখে নিজেদের অনুগতদের বসানোর পাঁতারা চলছে।

 

জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার এই বেহাল দশা এবং রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। কেবল অর্থবহ রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমেই এসব অনিয়ম ও চাটুকারিতার রাজনীতির অবসান ঘটানো সম্ভব।

 

লালমনিরহাট জেলা এনসিপির সদস্য সচিব শাহ সুলতান নাসির উদ্দীন নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন