নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রখ্যাত ইরানি মানবাধিকার কর্মী নার্গেস মোহাম্মদীকে তেহরানের একটি হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। দুই সপ্তাহেরও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর সোমবার (১৮ মে) তার সমর্থকরা এই তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদীর (৫৪) বর্তমান শারীরিক অবস্থা বিবেচনা করে তার সমর্থকরা তাকে বাড়িতে রেখে ফলো-আপ চিকিৎসা এবং প্রতিদিনের প্রয়োজনীয় ফিজিওথেরাপি দেওয়ার আহ্বান জানিয়েছেন।
গত ১ মে উত্তর-পশ্চিম ইরানের একটি কারাগারে বন্দি থাকা অবস্থায় অচেতন হয়ে পড়েন নার্গেস মোহাম্মদী। এরপরই তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। এর প্রায় ১০ দিন পর তিনি জামিনে মুক্তি পান এবং উন্নত চিকিৎসার জন্য তেহরানের একটি হাসপাতালে স্থানান্তরিত হন, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন।
কারাগারে বন্দি থাকা অবস্থাতেই ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন নার্গেস মোহাম্মদী। নিজের দীর্ঘ কর্মজীবনে মানবাধিকার রক্ষার লড়াইয়ে শামিল হওয়ায় তাকে বারবার কারাবরণ করতে হয়েছে। তার সর্বশেষ কারাবাস শুরু হয় গত বছরের ডিসেম্বরে, যখন ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদ থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কারাগারে তার স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটছিল। গ্রেপ্তারের সময় তার ওপর চালানো প্রচণ্ড শারীরিক নির্যাতন ও মারধর এর অন্যতম কারণ।
সূত্র: এপি
ডিবিসি/এসএফএল