ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তার সঙ্গে কোনো বিচারবহির্ভূত আচরণ করা হবে না, বরং তার প্রতিও পূর্ণ ‘ইনসাফ’ বা ন্যায়বিচার নিশ্চিত করা হবে। মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে সরকারের তিন মাসের কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরতে এই নিয়মিত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে তিন মাসের কাজের অগ্রগতি তুলে ধরেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটানোর মূল কারণ ছিল তিনি জনগণের প্রতি ইনসাফ করেননি। তাই নতুন গঠিত বাংলাদেশের প্রধান উদ্দেশ্যই হলো সর্বত্র ইনসাফ প্রতিষ্ঠা করা, যা শত্রুর ক্ষেত্রেও বজায় থাকবে। তিনি জোর দিয়ে বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এলে তার সঙ্গে কোনো এক্সট্রা জুডিশিয়াল বা বিচারবহির্ভূত কিছু করা হবে না।
সাবেক এই প্রধানমন্ত্রীর বিচার প্রক্রিয়া ও সাজার বিষয়ে এই উপদেষ্টা আরও স্পষ্ট করে বলেন, তার বিচার হয়েছে এবং তাকে আত্মপক্ষ সমর্থনের পুনরায় সুযোগ দেওয়া হবে। আইনি প্রক্রিয়ায় যদি তিনি মৃত্যুদণ্ডাদেশ থেকে মুক্তি পান, সরকার তা মেনে নেবে। আর যদি তা না হয়, তবে আইন অনুযায়ী সেই রায় কার্যকর করা হবে। যথাযথ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে কারও মৃত্যুদণ্ড কার্যকর হওয়াটাও ইনসাফ বা ন্যায়বিচারেরই অংশ বলে মন্তব্য করেন তিনি।
ডিবিসি/এফএইচআর