আন্তর্জাতিক, অন্যান্য

হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি নারী সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লেবানন সীমান্তে হিজবুল্লাহর একটি বিস্ফোরক ড্রোন হামলায় এক ইসরায়েলি নারী সেনা নিহত এবং আরও দুই রিজার্ভ সেনা আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে বৃহস্পতিবার (২৮ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

এই ঘটনার পর উত্তর সীমান্তে দুই পক্ষের মধ্যে চলমান সংঘাত আরও তীব্র রূপ ধারণ করেছে।


নিহত সেনার নাম সার্জেন্ট রোটেম ইয়ানাই (২০)। তিনি গিভাতি ব্রিগেডের রোটেম ব্যাটালিয়নের সার্ভিস কন্ডিশনস এনসিও হিসেবে কর্মরত ছিলেন এবং মধ্য ইসরায়েলের গিভ'আত আদা অঞ্চলের বাসিন্দা ছিলেন। সামরিক বাহিনী জানায়, বুধবার সীমান্ত এলাকার একটি সামরিক জোনে হিজবুল্লাহর জোড়া ড্রোন হামলার সময় আশ্রয়কেন্দ্রে ছুটে যাওয়ার পথে তিনি প্রাণ হারান।


এদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলীয় টায়ার শহরের আশেপাশে হিজবুল্লাহর বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এর আগের দিনই ইসরায়েলি সামরিক নেতৃত্ব ওই অঞ্চলের বেসামরিক নাগরিকদের সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার (২৫ মাইল) দূরে সরে যাওয়ার জন্য জরুরি উচ্ছেদ সতর্কবার্তা জারি করেছিল। ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতারা লেবাননে স্থল অভিযান আরও সম্প্রসারণ এবং হামলা জোরদার করার ঘোষণা দিয়েছেন।


ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা লেবাননের ১৩৫টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। অন্যদিকে, লেবানন কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সকালের হামলায় দুই শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন।


যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরানে হামলার পর, গত ২ মার্চ থেকে ইরানের সমর্থনে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে হিজবুল্লাহ। প্রতিবেদন অনুযায়ী, হিজবুল্লাহর এই আক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত সীমান্ত সংঘাত ও লেবাননের দক্ষিণাঞ্চলে ২৪ জন ইসরায়েলি সেনা এবং একজন বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন।


সূত্র: টাইমস অব ইসরায়েল


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন