আন্তর্জাতিক

হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।

নিহত সেনার নাম সার্জেন্ট লিয়াম বেন হামো (১৯)। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর গোলানি ব্রিগেডের ১৩তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন এবং তার বাড়ি হার্জলিয়া শহরে।


আইডিএফ জানিয়েছে, লেবাননের কানতারা গ্রামে মোতায়েন করা সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহ দুটি বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করে। সেনারা একটি ড্রোন আকাশেই ধ্বংস করতে সক্ষম হলেও দ্বিতীয় ড্রোনটি তাদের অবস্থানের খুব কাছে আঘাত হানে। ড্রোনের এই বিস্ফোরণে লিয়াম বেন হামো ঘটনাস্থলেই প্রাণ হারান এবং অপর এক সেনা মাঝারি ধরনের আঘাত পান।


সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হতাহতদের উদ্ধার করে সরিয়ে নেওয়ার সময় ইসরায়েলি বাহিনী ওই এলাকায় হিজবুল্লাহর বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।


এদিকে, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে তারা দাবি করেছে যে, কানতারা গ্রামে ইসরায়েলি বাহিনীর দুটি ট্যাংক লক্ষ্য করে তারা সফলভাবে ড্রোন হামলা চালিয়েছে।


উল্লেখ্য, গত কয়েক মাস ধরে লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে দফায় দফায় উত্তেজনা ও সংঘাত চলছে। লিয়াম বেন হামোর মৃত্যু এই উত্তপ্ত পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করল।


সূত্র: টাইমস অব ইসরাইল


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন