উত্তর ইসরায়েলের হাইফার নিকটবর্তী একটি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলার পর লেবাননের রাজধানী বৈরুতে পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার (২ মার্চ) সকালে আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে এবং লেবাননের জনগণকে ইসরায়েলি আগ্রাসন থেকে রক্ষা করতে তারা এই হামলা চালিয়েছে।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর দুদিন নীরব থাকলেও সোমবার ভোরে প্রথম পাল্টা আঘাত হানে হিজবুল্লাহ। এর পরপরই বৈরুতের বেশ কয়েকটি এলাকায় বিমান হামলা শুরু করে ইসরায়েলি দখলদার বাহিনী। যদিও ২০২৪ সালের নভেম্বরে উভয় পক্ষ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, তবে লেবাননের অভিযোগ, ইসরায়েল ক্রমাগত সেই চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়ে যাচ্ছে।
দীর্ঘদিনের অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাওয়া লেবাননের জন্য এই ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা নতুন করে সংকট ঘনীভূত করছে। গত বছর লেবানন সরকার হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের লক্ষ্যে একটি ডিক্রি জারি করলেও গোষ্ঠীটি তা প্রত্যাখ্যান করে। তাদের দাবি, ইসরায়েলি সম্প্রসারণবাদ রুখতে এই অস্ত্রের প্রয়োজনীয়তা অপরিহার্য। বর্তমান পরিস্থিতিতে অঞ্চলটিতে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আরও তীব্র হয়েছে।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/টিবিএ