জাতীয়

হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দোলযাত্রা আজ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা আজ মঙ্গলবার উদযাপিত হচ্ছে। এই উৎসবটি শ্রীকৃষ্ণের দোলযাত্রা বা দোল উৎসব নামে অধিক পরিচিত। এই উৎসবে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভের পাশাপাশি সৃষ্টিকর্তার কাছে ন্যায়ের বিজয় ও অন্যায়ের বিনাশ প্রার্থনা করেন। মানুষে মানুষে সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন সুদৃঢ় করাই হচ্ছে দোল উৎসবের মূল বাণী।

দ্বাপর যুগ থেকে শ্রীকৃষ্ণের এই দোলযাত্রা চলে আসছে। প্রাচীনকালে পুষ্পরেণুর মাধ্যমে রাধাকৃষ্ণ দোল উৎসব পালন করলেও সময়ের বিবর্তনে তা ‘আবির’ নামের লাল রঙের পাউডারে রূপান্তরিত হয়েছে।

 

 বাংলাদেশের সব মত ও পথের হিন্দু ধর্মাবলম্বীরা এই দোল উৎসব পালন করে থাকেন। উৎসবটি ভারতের পশ্চিমবঙ্গ, মাদ্রাজ ও উড়িষ্যায় দোল উৎসব এবং উত্তর, পশ্চিম ও মধ্য ভারতে ‘হোলি’ নামে পরিচিত। এছাড়া এ উৎসবকে বসন্ত উৎসবও বলা হয়।

 

দোলযাত্রা উপলক্ষে আজ দেশব্যাপী হিন্দু সম্প্রদায় রাধাকৃষ্ণের দোল উৎসব, পূজা, হোমযজ্ঞ, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করেছে। মহানগর সার্বজনীন পূজা কমিটির দোল উৎসবের অংশ হিসেবে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে আজ সকাল সাড়ে ৮টায় পূজা, আবির খেলা ও কীর্তন এবং দুপুর ১টায় প্রসাদ বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

 

দিনটি উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল এক যৌথ বিবৃতিতে হিন্দু সম্প্রদায়সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন