ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সৌদি আরববিরোধী হামলা বন্ধে ইরানকে সতর্ক করেছে পাকিস্তান। সৌদি আরবের পক্ষ থেকে দেওয়া এ বার্তা তেহরানের কাছে পৌঁছে দিয়েছে ইসলামাবাদ। সৌদি, পাকিস্তানি ও ইরানি কয়েকটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
মঙ্গলবার সৌদি আরবের খামিস মুশাইত এলাকার একটি বিমানঘাঁটি ও আশপাশের কয়েকটি শহরের তেল অবকাঠামোয় হামলা চালায় হুতিরা। এতে ৭৩ জন আহত হন। হামলার পর বুধবার হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, গত ১২ ঘণ্টায় ইয়েমেনের বিভিন্ন প্রদেশে সৌদি যুদ্ধবিমান ৫৪টি বিমান হামলা চালিয়েছে। এসব হামলার জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
পাকিস্তানের এ সতর্কবার্তা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সৌদি আরব ও তুরস্কের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, সৌদি আরবের ওপর হামলা হলে তিন দেশের যৌথ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হতে পারে। তবে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির সামরিক ভূমিকা সৌদি ভূখণ্ড রক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের বার্তার জবাবে তেহরান বলেছে, তারা হুতিদের নিয়ন্ত্রণ করে না। তবে দুই ইরানি সূত্রের দাবি, গত সপ্তাহে ইরান হুতিদের সৌদি আরবে হামলা চালানোর নির্দেশ দিয়েছিল এবং অতিরিক্ত অর্থ ও অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল।
এদিকে সৌদি, পাকিস্তান ও তুরস্কের সামরিক কর্মকর্তারা রিয়াদে বৈঠক করে পরিস্থিতি মোকাবিলায় সমন্বয়ের বিষয়ে আলোচনা করেছেন। তবে ইয়েমেনে সেনা পাঠানোর কোনো সিদ্ধান্ত হয়নি।
সূত্র: রয়টার্স
ডিবিসি/এসএফএল