আন্তর্জাতিক

বাব আল-মান্দেব প্রণালি দখলের দিকে এগুচ্ছে হুতি বিদ্রোহীরা: ইয়েমেনের তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাব আল-মান্দেব প্রণালি দখলের চক্রান্ত করছে হুতি বিদ্রোহীরা- এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। দেশটির তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরিয়ানি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সতর্কবার্তা উচ্চারণ করেছেন।

তার ভাষ্য অনুযায়ী, ইরানসমর্থিত হুতি মিলিশিয়ারা লোহিত সাগরের কৌশলগত দ্বীপগুলো নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি, পশ্চিম উপকূলে নিজেদের উপস্থিতি বাড়িয়ে বাব আল-মান্দেব প্রণালি দখলের অনুকূল পরিবেশ তৈরি করার চক্রান্তে মেতেছে তারা।

 

সম্প্রতি লোহিত সাগরে বেসামরিক অবকাঠামো, বন্দর, ডক এবং বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। আল-ইরিয়ানি জানান, এই ধারাবাহিক আক্রমণ এবং সামরিক তৎপরতাই প্রমাণ করে যে প্রণালিটি দখলের সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে হুথিরা।

 

বর্তমানে বাব আল-মান্দেব প্রণালীর সরাসরি কোনো উপকূলীয় এলাকার নিয়ন্ত্রণ হুতিদের হাতে নেই। তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হোদেইদা বন্দরটি তাদের দখলেই রয়েছে, যেখান থেকে তারা লোহিত সাগরের উত্তরের অঞ্চলগুলোতে নিজেদের প্রভাব বিস্তার করে আসছে।

 

বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান এই রুটটি হুতিদের কব্জায় চলে গেলে আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। সার্বিক এই পরিস্থিতিতে ইয়েমেনি সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে হুতিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন