মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বিস্তৃত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে বড় ধরনের সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। এর জেরে গত মে মাসের পর প্রথমবারের মতো বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৬ শতাংশেরও বেশি বেড়ে একপর্যায়ে ব্যারেলপ্রতি ১০০.১৪ ডলারে পৌঁছায়, যদিও পরে তা সামান্য কমে আসে। অন্যদিকে, মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম প্রায় ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০.৯৮ ডলারে দাঁড়িয়েছে।
জ্বালানি তেলের এই আকস্মিক মূল্যবৃদ্ধির মূল কারণ হলো লোহিত সাগরে সৌদি আরবের জাহাজে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা। বিশ্লেষকদের মতে, সৌদি আরব হরমুজ প্রণালি এড়িয়ে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালি দিয়ে প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ লাখ ব্যারেল তেল রপ্তানি করে থাকে।
বিশ্ববাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সরবরাহ পথটি এখন হুমকির মুখে পড়েছে। বৃহস্পতিবার হুথিরা দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করার পর বিশ্বজুড়ে তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ফ্যাক্টসেট-এর তথ্য অনুযায়ী, চলতি মাসে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ২৭ ডলার বা এক-তৃতীয়াংশের বেশি বেড়েছে। এর আগে সর্বশেষ গত ২২ মে বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের ওপরে স্থির ছিল।
ডিবিসি/এসএস