আন্তর্জাতিক, বিবিধ

হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬: বৈশ্বিক অবস্থান ও দক্ষিণ এশিয়ার চিত্র

সিরাজুর রহমান

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গত ২১ জুলাই প্রকাশিত হয় হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬-এর সর্বশেষ সংস্করণ। যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান Henley & Partners প্রতিবছর এই বৈশ্বিক সূচক প্রকাশ করে। ২০২৬ সালের সংস্করণটি ছিল এই বহুল আলোচিত পাসপোর্ট সূচকের সর্বশেষ ২০তম বার্ষিকী সংস্করণ।

হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টধারীরা কতটি দেশে ভিসামুক্ত (Visa-Free) অথবা অন অ্যারাইভাল ভিসা (Visa on Arrival) সুবিধায় ভ্রমণ করতে পারেন, তার ভিত্তিতেই এই সূচক প্রস্তুত করা হয়। ফলে এটি আন্তর্জাতিক ভ্রমণ-স্বাধীনতার একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত লাভ করেছে।

 

২০২৬ সালের হেনলি পাসপোর্ট ইনডেক্স এর হালনাগাদ তালিকায় সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অধিকারী দেশ হিসেবে নিজের শীর্ষস্থান (প্রথম) ধরে রেখেছে। দেশটির সম্মানিত পাসপোর্টধারী নাগরিকেরা বর্তমানে বিশ্বের ১৯২টি দেশে ভিসামুক্ত বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারেন।

 

তালিকায় দ্বিতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের নাম। এই তিন দেশের নাগরিকরা ১৮৮টি দেশে ভিসামুক্ত বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা উপভোগ করেন। এছাড়া, তৃতীয় স্থানে রয়েছে সুইডেন, যার পাসপোর্টধারীরা ১৮৭টি দেশে ভ্রমণের সুযোগ পান।

 

চতুর্থ অবস্থানে যৌথভাবে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও স্পেন। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৬টি দেশে ভিসামুক্ত বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধায় প্রবেশ করতে পারেন।

 

এর পাশাপাশি, পঞ্চম অবস্থানে রয়েছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা, পর্তুগাল ও সুইজারল্যান্ড, যাদের স্কোর ১৮৫। ষষ্ঠ অবস্থানে রয়েছে হাঙ্গেরি, পোল্যান্ড ও যুক্তরাজ্য, যাদের স্কোর ১৮৪।

 

সপ্তম অবস্থানে যৌথভাবে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, লাটভিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া (স্কোর ১৮৩)। অষ্টম অবস্থানে ক্রোয়েশিয়া ও এস্তোনিয়া (স্কোর ১৮২), নবম অবস্থানে লিচেনস্টাইন ও লিথুয়ানিয়া (স্কোর ১৮১) এবং দশম অবস্থানে আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্র (স্কোর ১৮০) রয়েছে।

 

এদিকে হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬ এর হালনাগাদ তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপ সবচেয়ে এগিয়ে থেকে ৫২তম স্থানে রয়েছে। এছাড়া ভারত রয়েছে ৮১তম, ভুটান ৮৮তম, শ্রীলঙ্কা ৯৪তম, বাংলাদেশ ৯৭তম, নেপাল ৯৮তম, পাকিস্তান ১০১তম এবং আফগানিস্তান রয়েছে ১০৪তম স্থানে।

 

পরিশেষে বলা যায়, হেনলি পাসপোর্ট ইনডেক্স কোনো দেশের সামগ্রিক উন্নয়ন বা সক্ষমতার একমাত্র মানদণ্ড নয়; বরং এটি আন্তর্জাতিক ভ্রমণ-সুবিধা ও বৈশ্বিক সংযোগের একটি নির্দিষ্ট সূচক হিসেবে বিবেচনা করা হয়। তাই বিভিন্ন দেশের কূটনৈতিক সম্পর্ক, পারস্পরিক ভিসানীতি এবং আন্তর্জাতিক সহযোগিতার পরিবর্তনের সঙ্গে এই সূচকের অবস্থানও সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। তথ্যসূত্র: Henley Passport Index 2026 (Henley & Partners)


সিরাজুর রহমান
শিক্ষক ও লেখক

আরও পড়ুন