যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে 'হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে' (ডব্লিউএইচসিডি) গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতের এই বার্ষিক নৈশভোজ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় নেতাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সম্পূর্ণ অক্ষত আছেন। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে সেখানে এক বন্দুকধারী গুলি চালিয়েছে।
গুলি চলার পরপরই ওয়াশিংটন হিলটন হোটেলের ব্যাংকুয়েট হলে সিক্রেট সার্ভিস এবং অন্যান্য নিরাপত্তাকর্মীরা অবস্থান নেন। এ সময় আতঙ্কে শত শত অতিথি টেবিলের নিচে আশ্রয় নেন এবং চারদিক থেকে দিগ্বিদিক ছুটোছুটির চিৎকার শোনা যায়। নৈশভোজের আয়োজকরা মঞ্চ থেকে শিগগিরই অনুষ্ঠান পুনরায় শুরুর ঘোষণা দিলেও, বেশিরভাগ অতিথি বলরুমের ভেতর আটকা পড়েছেন এবং তাদের বাইরে বের হতে দেওয়া হচ্ছে না। ওই বলরুমে শত শত বিশিষ্ট সাংবাদিক, তারকা এবং জাতীয় নেতারা মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণের অপেক্ষায় ছিলেন।
উল্লেখ্য, হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের সময় হিলটন হোটেলটি সাধারণ অতিথিদের জন্য খোলা থাকে এবং নিরাপত্তা ব্যবস্থা মূলত বলরুম ঘিরেই জোরদার করা হয়। নৈশভোজে অংশ না নেওয়া ব্যক্তিদের জন্য সেভাবে কোনো তল্লাশির ব্যবস্থা থাকে না। এই সুযোগ কাজে লাগিয়ে অতীতেও বিক্ষোভ বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার নজির রয়েছে। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ ৫ থেকে ৮ রাউন্ড গুলির শব্দ শোনার কথা জানিয়েছেন। ঘটনার পরপরই হোটেলের বাইরেও কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। হোয়াইট হাউস থেকে এক ব্লক দূরে রাস্তা ও ফুটপাত বন্ধ করে পুলিশের টহল ও আকাশে হেলিকপ্টারের নজরদারি চলছে এবং বলরুমে ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করা হয়েছে।
মার্কিন অ্যাটর্নি জেনিন পিরো হোটেল থেকে একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তায় জানিয়েছেন, গুলির শব্দ শোনার পরপরই তাকে বলরুম থেকে বের করে নেওয়া হয়। পুরো ভবন ও হোটেলের নিয়ন্ত্রণ এখন সিক্রেট সার্ভিসের হাতে রয়েছে। ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসার এবং পুলিশ প্রধান জেফরি ক্যারল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন এবং তারা পৌঁছানোর পর পুরো পরিস্থিতির সার্বিক নিয়ন্ত্রণ নেবেন।
সূত্র: ফক্স নিউজ
ডিবিসি/পিআরএএন