আন্তর্জাতিক

হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি লেভিট

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে বিদায় নিচ্ছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। চলতি আগস্টের শেষে তিনি দায়িত্ব ছাড়বেন। বুধবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বিষয়টি নিশ্চিত করেছেন।

দায়িত্ব ছাড়ার পর দুই সন্তান ও পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান ২৮ বছর বয়সী লেভিট। সম্প্রতি দ্বিতীয় সন্তানের জন্মের পর কর্মস্থলে ফিরেছিলেন তিনি। এক বিবৃতিতে নিজের সিদ্ধান্তকে ‘কষ্টকর ও আবেগময়’ হিসেবে উল্লেখ করে লেভিট বলেন, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব পালনে যে পরিমাণ সময় ও মনোযোগ প্রয়োজন, তা দেওয়ার পাশাপাশি সন্তানদের প্রাপ্য যত্ন নিশ্চিত করা তার জন্য কঠিন হয়ে পড়েছে।

 

লেভিট যুক্তরাষ্ট্রের ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি হোয়াইট হাউসের প্রেস দপ্তরে সহকারী হিসেবে কাজ করেন। পরবর্তী সময়ে ট্রাম্পের নির্বাচনী প্রচারের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেন। রিপাবলিকান রাজনীতিতে সক্রিয় লেভিট ২০২২ সালে নিউ হ্যাম্পশায়ার থেকে কংগ্রেস নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

 

নিজের ট্রুথ সোশ্যাল পোস্টে লেভিটকে অন্যতম ‘বিশ্বস্ত সহযোগী’ হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। পরিবারের প্রতি মনোযোগ দিতে তার দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত পুরোপুরি বোঝেন ও সম্মান করেন বলেও জানান তিনি।

 

হোয়াইট হাউস ছাড়লেও ট্রাম্প ও রিপাবলিকান পার্টির সঙ্গে যুক্ত থাকবেন লেভিট। আগামী মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জয় নিশ্চিত করার লক্ষ্যে তিনি ট্রাম্পের শীর্ষ বহিরাগত উপদেষ্টাদের একজন এবং দলের প্রভাবশালী কণ্ঠ হিসেবে কাজ করবেন।

 

লেভিটের উত্তরসূরি হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে, তা এখনো ঘোষণা করা হয়নি।

 

সূত্র: সিএনবিসি

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন