দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ সোমবার (২৫ মে) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য প্রকাশিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এই পূর্বাভাসটি আজ সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যকর থাকবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিরূপ আবহাওয়ার কারণে এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরসমূহকে নৌ-দুর্ঘটনা এড়াতে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে এবং আবহাওয়ার পরবর্তী নির্দেশনার প্রতি নজর রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।
ডিবিসি/কেএলডি