ফুটবল

১০ কোটি ইউরোতে মরক্কোর মিডফিল্ডার বুয়াদ্দিকে দলে ভেড়াচ্ছে ম্যানচেস্টার সিটি

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফরাসি ক্লাব লিলের ১৮ বছর বয়সী মরক্কান মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দির সাথে ১০ কোটি ইউরো বা ৮ কোটি ৫৬ লাখ পাউন্ডের চুক্তিতে চূড়ান্তভাবে সম্মত হয়েছে ম্যানচেস্টার সিটি। দুই ক্লাবের মধ্যে দীর্ঘ আলোচনার পর এই সমঝোতা হয়। চুক্তি অনুযায়ী, সিটিজেনরা শুরুতে ৮ কোটি ১৪ লাখ পাউন্ড এবং পরবর্তীতে শর্তসাপেক্ষে আরও ৪২ লাখ পাউন্ড পরিশোধ করবে। এর মধ্য দিয়ে এই তরুণ তারকার এনজো মারেস্কার দলে যোগ দেওয়া এবং ইংল্যান্ডে আসার পথ সুগম হলো।

সম্প্রতি ৬ কোটি ৫০ লাখ পাউন্ডে রদ্রিকে বার্সেলোনার কাছে এবং ৫ কোটি ২০ লাখ পাউন্ডে তিজানি রেইন্ডার্সকে সৌদি আরবের ক্লাব আল-কাদসিয়াহর কাছে বিক্রি করে দেওয়ায় সিটির মিডফিল্ডে শূন্যতা তৈরি হয়েছিল। সেই অভাব পূরণে সেন্ট্রাল মিডফিল্ড শক্তিশালী করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে দলটি।

 

ইতোমধ্যে নটিংহ্যাম ফরেস্ট থেকে ১১ কোটি ৬০ লাখ পাউন্ড খরচ করে ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে দলে ভিড়িয়েছে তারা। পাশাপাশি চেলসির এনজো ফার্নান্দেজকেও দলে টানার বিষয়ে নজর রাখছে ম্যানচেস্টার সিটি। গত সপ্তাহে আর্সেনালের কাছে কমিউনিটি শিল্ড হারার পর রোববার বোর্নমাউথের বিপক্ষে ম্যাচ দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে দলটি।


বিশ্বকাপে মরক্কোর হয়ে অসাধারণ পারফরম্যান্স করে সবার নজর কাড়েন আইয়ুব বুয়াদ্দি। দলের কোয়ার্টার ফাইনালে ওঠার পথে ছয়টি ম্যাচের পাঁচটিতেই মূল একাদশে ছিলেন তিনি। মূলত ডিপ-লায়িং মিডফিল্ডার হিসেবে খেলা এই তরুণ বক্স-টু-বক্স মিডফিল্ডার অ্যান্ডারসনের সাথে দারুণ জুটি গড়তে পারবেন বলে ধারণা করা হচ্ছে। ২০২৩ সালের অক্টোবরে নিজের ১৬তম জন্মদিনের মাত্র কয়েক দিন পর লিলের হয়ে সিনিয়র দলে অভিষেক হয় তার, যা তাকে ক্লাবটির ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের মর্যাদা দেয়।


অভিষেকের পর থেকে এখন পর্যন্ত লিলের হয়ে ৮৮টি ম্যাচ খেলেছেন বুয়াদ্দি। গত মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ানে লিলের তৃতীয় স্থান অর্জনে বড় ভূমিকা রাখেন তিনি। বিশেষ করে ২০২৪ সালের চ্যাম্পিয়ন্স লিগে নিজের ১৭তম জন্মদিনে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লিলের জয়ে তাঁর অনবদ্য পারফরম্যান্স ফুটবল বিশ্বের নজর কাড়ে। এছাড়া লিলের হয়ে মাত্র ১৮ বছর বয়সে লিগ ওয়ানে ৫০টি ম্যাচ খেলে তিনি ইডেন হ্যাজার্ডের গড়া পুরনো একটি রেকর্ডও ভেঙে দিয়েছেন।


সূত্র: বিবিসি


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন