মহাকাশ গবেষণায় এক নাটকীয় মোড় নিলেন স্পেসএক্সের প্রধান প্রকৌশলী ইলন মাস্ক। দীর্ঘদিন ধরে মঙ্গল গ্রহে মানববসতি স্থাপনের স্বপ্ন দেখালেও, আপাতত সেই পরিকল্পনা থেকে কিছুটা সরে এসে চাঁদকে অগ্রাধিকার দিচ্ছে তার প্রতিষ্ঠান।
গত রবিবার এক ঘোষণায় মাস্ক জানান, মঙ্গল গ্রহে স্থায়ী বসতি গড়ার আগে চাঁদে একটি স্বয়ংসম্পূর্ণ শহর তৈরি করাই এখন স্পেসএক্সের প্রধান লক্ষ্য।
ইলন মাস্কের মতে, এই সিদ্ধান্তের পেছনে প্রধান কারণ হলো গতি, লজিস্টিকস এবং মানবজাতির দীর্ঘমেয়াদী টিকে থাকার তাগিদ। তিনি জানান, চাঁদে একটি স্বয়ংবর্ধনশীল শহর গড়ে তোলা আগামী ১০ বছরের কম সময়ে সম্ভব হতে পারে, যেখানে মঙ্গলের জন্য সময় লাগতে পারে ২০ বছরের বেশি।
তিনি জানান, মঙ্গল গ্রহে যাওয়ার ক্ষেত্রে অন্যতম বড় বাধা হলো সময় এবং দূরত্বের সীমাবদ্ধতা। পৃথিবী ও মঙ্গলের কক্ষপথের অবস্থানের কারণে প্রতি ২৬ মাস অন্তর মাত্র একবার সেখানে যাওয়ার সুযোগ আসে এবং পৌঁছাতে সময় লাগে প্রায় ছয় মাস। ফলে যে কোনো প্রযুক্তি পরীক্ষা বা অবকাঠামো নির্মাণের গতি সেখানে অত্যন্ত ধীর।
অন্যদিকে, চাঁদের ক্ষেত্রে প্রতি কয়েক দিন অন্তর রকেট উৎক্ষেপণের সুযোগ থাকে এবং সেখানে পৌঁছাতে সময় লাগে মাত্র দুই দিন। মাস্ক মনে করেন, চাঁদে কাজ করলে ইঞ্জিনিয়াররা দ্রুত ভুল থেকে শিক্ষা নিয়ে নকশা উন্নত করতে পারবেন, যা ভিনগ্রহে সফল বসতি স্থাপনের জন্য অত্যন্ত জরুরি।
নাসা বরাবরই আগে চাঁদে ফিরে যাওয়া এবং সেখান থেকে মঙ্গলে যাওয়ার জন্য একটি 'লঞ্চপ্যাড' তৈরির পরিকল্পনা করে আসছিল। মাস্কের সাম্প্রতিক এই অবস্থান নাসার 'আর্টেমিস' প্রকল্পের উদ্দেশ্যের সাথেও মিলে যাচ্ছে। তবে এই অগ্রাধিকার পরিবর্তনের মানে এই নয় যে তিনি মঙ্গলের স্বপ্ন ত্যাগ করেছেন। বরং চাঁদের অভিজ্ঞতাকৈ কাজে লাগিয়ে মঙ্গলে পৌঁছানোর পথকে আরও সুগম করতে চান তিনি।
সূত্র: ইন্ডিয়া টুডে
ডিবিসি/ এসএফএল