মঙ্গলের বদলে এখন চাঁদের দিকেই পূর্ণ মনোযোগ দিচ্ছে স্পেসএক্স। আগামী ১০ বছরেরও কম সময়ের মধ্যে চাঁদে একটি ‘স্বয়ংক্রিয় শহর’ গড়ে তোলাই এখন তাদের প্রধান লক্ষ্য। রোববার স্পেসএক্স-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক এই ঘোষণা দিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মাস্ক জানান, মঙ্গলে শহর গড়তে ২০ বছরেরও বেশি সময় লাগতে পারে, কিন্তু চাঁদে সেটা ১০ বছরের কম সময়েই সম্ভব।
তিনি যুক্তি হিসেবে বলেন, মঙ্গলে যাওয়ার সুযোগ (লঞ্চ উইন্ডো) প্রতি ২৬ মাসে একবার আসে এবং ভ্রমণে সময় লাগে প্রায় ৬ মাস। অন্যদিকে, চাঁদে যাওয়ার সুযোগ প্রতি ১০ দিনেই পাওয়া যায় এবং পৌঁছাতে সময় লাগে মাত্র ২ দিন।
তবে মঙ্গলের স্বপ্ন পুরোপুরি বাদ দেননি মাস্ক। তিনি জানান, আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে মঙ্গলে শহর গড়ার প্রাথমিক কাজ শুরু করার চেষ্টা করবে তার কোম্পানি।
এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, স্পেসএক্স বর্তমানে মঙ্গলের উচ্চাভিলাষ কিছুটা কমিয়ে নাসার সঙ্গে যৌথভাবে চন্দ্র অভিযানেই বেশি গুরুত্ব দিচ্ছে। ২০২৭ সালের মার্চ মাসে চাঁদে স্টারশিপ মহাকাশযানের প্রথম মনুষ্যবিহীন অবতরণের পরিকল্পনা রয়েছে তাদের।
উল্লেখ্য, নাসার ‘আর্টেমিস’ প্রকল্পের আওতায় মানুষকে চাঁদে ফিরিয়ে নেওয়ার কাজ চলছে। ২০২২ সালে আর্টেমিস-১ এর সফল উড্ডয়নের পর, চলতি বছরের (২০২৬) মার্চেই আর্টেমিস-২ এর আওতায় নভোচারীদের নিয়ে চাঁদের কক্ষপথ প্রদক্ষিণের কথা রয়েছে।
পরবর্তীতে আর্টেমিস-৩ মিশনে মানুষকে চাঁদে নামানো হবে। যদিও নাসা আগে ২০২৭ সালের মাঝামাঝি সময়ের কথা বলেছিল, তবে ২০২৫ সালের জুনে মার্কিন পরিবহন সচিব শন ডাফি জানিয়েছিলেন যে, আগামী সাড়ে তিন বছরের মধ্যে (অর্থাৎ ২০২৮-এর শেষ নাগাদ) এই অবতরণ হতে পারে।
তথ্যসূত্র রয়টার্স
ডিবিসি/এমইউএ