হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলওয়ে স্টেশনের কাছে তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ১১ ঘণ্টা পেরিয়ে গেলেও সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ এখনো স্বাভাবিক হয়নি। বুধবার (১ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে সিলেটগামী ওই ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনটির অন্তত ৬টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়লে আশপাশের এলাকা, সড়ক ও খালে বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পরপরই লাইনচ্যুত বগি সরানো এবং রেললাইন ফের সচল করতে যৌথভাবে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৫), পুলিশসহ অন্যান্য সংস্থা। নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির আহমেদ জানিয়েছেন, দ্রুতগতিতে উদ্ধার কাজ এগিয়ে চললেও রেল যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক হতে আরও ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগতে পারে। এদিকে দীর্ঘ সময় ধরে ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্টেশন মাস্টার আরও জানান, এই দুর্ঘটনার কারণে এখন পর্যন্ত তিনটি ট্রেনের সূচি বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনগুলো হলো, ঢাকাগামী উপবন এক্সপ্রেস, চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস। তবে এসব ট্রেনের যাত্রীদের টিকিট জমা রেখে এরই মধ্যে ভাড়ার টাকা ফেরত দেওয়া হয়েছে।
ডিবিসি/এফএইচআর