অসাধারণ শারীরিক দক্ষতা ও গতির প্রদর্শনী ঘটিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পাতায় নাম লিখিয়েছে উইসকনসিনের ১১ বছর বয়সী বালক ক্যালেব হান্টার। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে পিন্ডালু নামক জাগলিং টুল ব্যবহার করে ৫১টি ঘূর্ণন বা লুপ সম্পন্ন করে সে এই কৃতিত্ব অর্জন করে সে।
জাগলিং হলো একই সঙ্গে দুই বা ততোধিক বস্তু (যেমন বল বা কমলা) শূন্যে ছুড়ে সেগুলো হাত দিয়ে সামলানোর দারুণ কসরত। এর মূল কৌশল হলো, কোনো বস্তুকে মাটিতে পড়তে না দিয়ে হাতের তালুতে ধরে দ্রুত আবার বাতাসে ছুড়ে দেওয়া। এভাবে একের পর এক বস্তু হাতের ছন্দে শূন্যে ভাসিয়ে একটি অবিচ্ছিন্ন চক্র তৈরি করাই হলো জাগলিং।
আর জাগলিংয়ের একটি নতুন ও আধুনিক রূপ পিন্ডালু। এটি মূলত ইংরেজি ইউ বর্ণের মতো দেখতে একটি প্লাস্টিকের টিউব। সাধারণ জাগলিংয়ে বল সরাসরি হাতে ধরতে হলেও, পিন্ডালুর ক্ষেত্রে বলটিকে টিউবের এক মুখ দিয়ে ঢুকিয়ে অন্য মুখ দিয়ে বের করে আবার লুফে নিতে হয়। এটি চোখের পলকে হাত ও শরীরের নিয়ন্ত্রণ বাড়ানোর এক চমৎকার খেলা।
নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে সে জানায়, এই খেলায় গতির পাশাপাশি নিখুঁত ছন্দের প্রয়োজন হয়। কারণ অনুশীলনের সময় প্রায়ই দেখা যেত, ৩০ সেকেন্ড শেষ হওয়ার আগেই বল পড়ে যাচ্ছে। কিন্তু যখন রেকর্ডটি গড়লাম, তখন ঠিক ৩০ সে কেন্ড হওয়ার পরপরই বলটি পড়েছিল। সময়টা একদম নিখুঁত ছিল।
ক্যালেবের এই অর্জনের পেছনে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন তার বাবা। যিনি নিজেও একজন সাবেক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী। তার বাবা একসময় ২৪ ঘণ্টার কম সময়ে ছয়টি রাজ্যে সাইকেল চালানোর রেকর্ড গড়েছিলেন। বাবার সেই সাফল্য দেখেই নিজের জন্য একটি বিশ্ব রেকর্ড গড়ার স্বপ্ন দেখতে শুরু করে ক্যালেব। যা শেষ পর্যন্ত অনুশীলনের মাধ্যমে বাস্তবে রূপ নিল।