চলতি অর্থবছরের মে পর্যন্ত ১১ মাসে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আয় হয়েছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা, যার বিপরীতে প্রতিষ্ঠানটি ব্যয় করেছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা। সোমবার (২২ জুন) বিকেলে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি আরও জানান, চলতি বছরে বিটিভির মোট আয়ের মধ্যে বিজ্ঞাপন শাখা থেকে রাজস্ব আয় হয়েছে ৫ কোটি ৭ লাখ ৯ হাজার ৪১৭ টাকা।
সংসদে তথ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বিগত কয়েক অর্থবছরেও বিটিভির আয়-ব্যয়ের ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি ছিল। এর মধ্যে সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে বিটিভির আয় ছিল ২৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা এবং ব্যয় ছিল ৩০৭ কোটি ৭১ লাখ ২২ হাজার টাকা। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে রাষ্ট্রায়ত্ত এই গণমাধ্যমের আয় ছিল ৪৪ কোটি ২১ লাখ ২২ হাজার টাকা এবং ব্যয় ছিল ২৯৮ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা।
তারও আগে, ২০২২-২৩ অর্থবছরে বিটিভির আয় ছিল ৩০ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকা ও ব্যয় ছিল ৩৭০ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকা। এছাড়া ২০২১-২২ অর্থবছরে টেলিভিশনটির আয় ছিল ৪০ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা ও ব্যয় ছিল ২৮৫ কোটি ৪৭ লাখ ২৭ হাজার টাকা এবং ২০২০-২১ অর্থবছরে আয় হয় ৩৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার টাকা ও ব্যয় ছিল ২৮০ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা।
ডিবিসি/এফএইচআর