বাংলাদেশ, রাজনীতি

১২ আসনে ১০ জন নারী প্রার্থী দিলো বিএনপি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৪ঠা নভেম্বর ২০২৫ ০৯:৪৯:২০ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন জাতীয় নির্বাচনে ২৩৭ জনের যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি তাদের মধ্যে ১০ জন নারী প্রার্থী রয়েছেন। এই দশজনের দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্যই তিনটি আসন বরাদ্দ করা হয়েছে। আসনগুলো হলো দিনাজপুর-৩, বগুড়া-৭ এবং ফেনী-১। বাকি ৯টি আসনে ৯ জন ভিন্ন নারী নেত্রীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবারই প্রধম দিনাজপুর শহর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি এর আগে বিভিন্ন সময়ে পাঁচটি আসনে নির্বাচন করেছেন এবং কোনোটিতেই পরাজিত হননি।

 

খালেদা জিয়া ব্যতীত অন্য যে ৯ জন নারী নেত্রীকে মনোনয়ন দেওয়া হয়েছে, তাদের মধ্যে ঢাকা-১৪ আসনে রয়েছেন সানজিদা ইসলাম তুলি। তিনি গুম হওয়া ব্যক্তিদের পরিবারের প্ল্যাটফর্ম 'মায়ের ডাক'-এর সমন্বয়ক। ২০১৩ সালে তার ভাই, স্থানীয় বিএনপি নেতা সাজেদুল ইসলাম নয়নকে র‍্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

 

মানিকগঞ্জ-৩ আসনে প্রার্থী হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা, যিনি মুন্নু শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান। তার বাবা হারুনার রশীদ খান মুন্নু বিএনপি-জামায়াত সরকারের মন্ত্রী ছিলেন।

 

সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনাকেও তার স্বামীর আসনে প্রার্থী করা হয়েছে। ২০১২ সালে ইলিয়াস আলী গুম হওয়ার পর লুনা রাজনীতিতে সক্রিয় হন।

 

ফরিদপুর-২ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলামের নাম। তার বাবা প্রয়াত কে এম ওবায়দুর রহমান এই আসনের দীর্ঘদিনের এমপি এবং বিএনপির সাবেক মহাসচিব ছিলেন।

 

ফরিদপুর-৩ আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। তার বাবা প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফ বিএনপির ভাইস-চেয়ারম্যান ও মন্ত্রী ছিলেন এবং তাদের পরিবারের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস রয়েছে।

 

ঝালকাঠি-২ আসনে সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে প্রার্থী করা হচ্ছে। স্বামীর মৃত্যুর পর তিনি ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের আমির হোসেন আমুকে পরাজিত করে প্রথমবার এমপি নির্বাচিত হয়েছিলেন।

 

নাটোর-১ আসনে প্রার্থী হয়েছেন ফারজানা শারমিন পুতুল, যিনি বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি ও মিডিয়া সেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। হাইকোর্টের এই আইনজীবীর বাবা প্রয়াত ফজলুর রহমান পটল চারবার এমপি নির্বাচিত হয়েছিলেন।

 

শেরপুর-১ আসনে প্রার্থী হিসেবে সানসিলা জেবরিন প্রিয়াংকার নাম ঘোষণা করা হয়েছে। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীর মেয়ে এবং গত সংসদ নির্বাচনে বিএনপির সর্বকনিষ্ঠ প্রার্থী ছিলেন।

 

এছাড়া যশোর-২ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন সাবিরা সুলতানা মুন্নী। তিনি ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান। তার স্বামী নাজমুল ইসলামও বিএনপি নেতা ছিলেন, যিনি ২০১১ সালে অপহৃত হওয়ার পর গাজীপুরে তার লাশ পাওয়া যায়।

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন যে, নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধির লক্ষ্যেই দলীয়ভাবে সরাসরি ভোটের জন্য ৫ শতাংশ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন