আন্তর্জাতিক

১২ এপ্রিল নেতানিয়াহুর দুর্নীতির বিচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর দেশজুড়ে জারি থাকা জরুরি অবস্থা তুলে নেওয়ায় আগামী রবিবার (১২ এপ্রিল) থেকে পুনরায় শুরু হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলা দুর্নীতির মামলার বিচার কার্যক্রম। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ইসরায়েলি আদালতের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং ইসলামি সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে দেশটিতে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইসরায়েলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। তবে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর গত বুধবার ইসরায়েলে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়। এর ফলে তেল আবিবসহ অন্যান্য শহরে স্কুল ও কর্মস্থলগুলো পুনরায় খুলে দেওয়া হয়েছে। গ্রিনিচ মান সময় বুধবার রাত তিনটার পর থেকে নতুন করে কোনো ইরানি হামলার খবর পাওয়া যায়নি।

 

তবে লেবাননে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলার কারণে এই যুদ্ধবিরতি এখন হুমকির মুখে পড়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ স্পষ্ট জানিয়েছেন, ইরানের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়।

 

অন্যদিকে, ইসরায়েলি আদালতের এক বিবৃতিতে জানানো হয়েছে, জরুরি অবস্থা প্রত্যাহারের মাধ্যমে বিচারব্যবস্থা আবার সচল হওয়ায় এখন থেকে আদালতের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে। এর অংশ হিসেবে আগামী রোববার থেকে বুধবারের মধ্যে নেতানিয়াহুর দুর্নীতির মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

 

নেতানিয়াহুই প্রথম কোনো ক্ষমতাসীন ইসরায়েলি প্রধানমন্ত্রী, যিনি এমন বিচারের মুখোমুখি হয়েছেন। কয়েক বছরের তদন্ত শেষে ২০১৯ সালে তাঁর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির অভিযোগ আনা হয়। ২০২০ সালে শুরু হওয়া এই বিচারপ্রক্রিয়া নানা কারণে বারবার বিলম্বিত হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর কারাদণ্ড হতে পারে। তবে নেতানিয়াহু শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন