বাংলাদেশ, জেলার সংবাদ

১২ মামলার আসামি রেজ্জাক বাহিনীর প্রধান ও তার ছেলে গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারায়ণগঞ্জের ফতুল্লায় কুখ্যাত ‘রেজ্জাক বাহিনী’র প্রধান রাজ্জাক ও তার ছেলে ওয়াসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ (২এপ্রিল) বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে ফতুল্লা থানাধীন ইসদাইর এলাকার একটি বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই এলাকার ৫২ নম্বর বাড়ি থেকে শীর্ষ সন্ত্রাসী রাজ্জাক ও তার ছেলে ওয়াসিমকে আটক করা হয়। এদের বিরুদ্ধে হত্যা, অপহরণ ও মাদকসহ ডজনেরও বেশি মামলা রয়েছে।

 

পুলিশি রেকর্ড অনুযায়ী, রাজ্জাকের বিরুদ্ধে দুটি হত্যা, দুটি অপহরণ ও দুটি মাদকসহ মোট ১২টি মামলা রয়েছে। অন্যদিকে তার ছেলে ওয়াসিমের বিরুদ্ধে একটি হত্যা, দুটি অপহরণ, একটি অস্ত্র আইন ও একটি ডাকাতির প্রস্তুতিসহ মোট ৭টি মামলা রয়েছে।

 

পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে আসছিল এবং তারা সরাসরি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে।  

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন