আম সংগ্রহের ক্যালেন্ডার প্রস্তুত

১৩ মে থেকে বাজারে আসবে চুয়াডাঙ্গার আম

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ১০ই মে ২০২৬ ০৫:১৯:৪৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী ১৩ মে থেকে বাজারে আসতে শুরু করবে চুয়াডাঙ্গার আম। এদিন থেকে আঁটি, গুটি ও বোম্বাই আম সংগ্রহের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হবে। আম সংগ্রহের সময়সূচি নির্ধারণে প্রস্তুত করা হয়েছে একটি বিশেষ ক্যালেন্ডার। রবিবার (১০ মে) দুপুর সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, কৃষি বিভাগ, আমচাষি ও ব্যবসায়ীদের অংশগ্রহণে আয়োজিত এক মতবিনিময় সভায় এই ক্যালেন্ডার চূড়ান্ত করা হয়।

সভায় পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৩ মে থেকে আঁটি, গুটি ও বোম্বাই জাতের আম সংগ্রহ করা যাবে। এরপর পর্যায়ক্রমে ২০ মে হিমসাগর, ২৫ মে ল্যাংড়া, ৫ জুন আম্রপালি, ১৫ জুন ফজলি, ২০ জুন হাঁড়িভাঙা, ২২ জুন ব্যানানা, ৩০ জুন আশ্বিনা ও বারি-৪, ৫ জুলাই কাটিমন এবং ৩১ জুলাই থেকে গৌড়মতি আম সংগ্রহ শুরু হবে।

 

সভা শেষে জেলা প্রশাসক লুৎফুন নাহার জানান, আম সংগ্রহের জন্য নির্ধারিত এই ক্যালেন্ডার আম বাগান মালিক ও ব্যবসায়ীদের অবশ্যই মেনে চলতে হবে। এর ব্যত্যয় ঘটলে অভিযুক্তদের জরিমানার আওতায় আনা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, আমে কোনো ধরনের রাসায়নিক বা ফরমালিন মেশানোর প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বাজার তদারকির জন্য জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত অভিযান পরিচালনা করবে বলেও জানান তিনি।

 

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, আম ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস মহলদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন