বাংলাদেশ, জাতীয়

১৪ দিনের ব্যবধানে ২৫ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক রুটে চলাচলকারী উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আবারও বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্য বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম প্রায় ২৫ টাকা বাড়িয়ে ২২৭ টাকা ০৮ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকেই কার্যকর হওয়ার কথা জানানো হয়েছে। এর আগে গত মার্চ মাসে এই জ্বালানির দাম ছিল ২০২ টাকা ২৯ পয়সা।

 

জ্বালানির এই মূল্যবৃদ্ধি কেবল অভ্যন্তরীণ খাতেই সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য নির্ধারিত জেট ফুয়েলের দামও উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। প্রতি লিটার জ্বালানির দাম ১.৩২১৬ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১.৪৮০৬ ডলার নির্ধারণ করা হয়েছে। মাত্র ১৪ দিনের ব্যবধানে এটি জেট ফুয়েলের দ্বিতীয় দফা মূল্যবৃদ্ধি। এর আগে গত ২৪ মার্চ এক লাফে এই জ্বালানির দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ানো হয়েছিল। স্বল্প সময়ের ব্যবধানে দফায় দফায় দাম বাড়ার ফলে জেট ফুয়েলের মূল্য এখন আগের তুলনায় প্রায় দ্বিগুণের কাছাকাছি পৌঁছেছে।

 

বিইআরসি সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির ক্রমাগত দাম বৃদ্ধি, আমদানি ব্যয় এবং বর্তমান বাজার পরিস্থিতির সাথে সামঞ্জস্য রাখতেই এই সমন্বয় করা হয়েছে। তবে সংশ্লিষ্ট খাত সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন যে, জ্বালানির দামের এই উল্লম্ফন বিমান পরিবহন খাতে তীব্র চাপ সৃষ্টি করবে। বিশেষ করে পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় এয়ারলাইন্সগুলো বিমান ভাড়া বাড়িয়ে দিতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সাধারণ যাত্রীদের ওপর। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন এই মূল্য কার্যকর থাকবে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন