দেশের আইনজীবীদের অন্যতম শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১৩টি পদেই বিজয়ী হয়েছেন বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের (নীল প্যানেল) প্রার্থীরা। সদস্যের একটি পদে জয় পেয়েছেন জামায়াতে ইসলামী–সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেলের (সবুজ প্যানেল) প্রার্থী।
ফলাফল অনুসারে, নীল প্যানেল থেকে সভাপতি পদে জয়ী হয়েছেন এ এম মাহবুব উদ্দিন খোকন। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন সবুজ প্যানেলের আবদুল বাতেন। আর নীল প্যানেল থেকে সম্পাদক পদে মোহাম্মদ আলী জয়ী হয়েছেন। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন সবুজ প্যানেলের এ কে এম রেজাউল করিম খন্দকার। গত ২ এপ্রিল এক নোটিশে সমিতির দুই দিনব্যাপী এ নির্বাচনের (২০২৬–২৭) তারিখ ঘোষণা করা হয়।
১৩ মে (বুধবার) ও ১৪ মে (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে মাঝখানে ১ ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে রাত ১০টার দিকে ভোট গণনা শুরু হয়। গণনা শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বৃহস্পতিবার রাত ২টার দিকে নির্বাচন পরিচালনা–সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক ও জ্যেষ্ঠ আইনজীবী মো. মিফতাহ উদ্দিন চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন।
এক বছর মেয়াদে সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পদগুলো হলো একজন সভাপতি, দুজন সহ-সভাপতি, একজন সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, দুজন সহ-সম্পাদক ও সাতজন সদস্য। নীল প্যানেল থেকে সহ-সভাপতির দুটি পদে মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান নির্বাচিত হয়েছেন। সমিতির কোষাধ্যক্ষ পদেও নীল প্যানেল থেকে মো. জিয়াউর রহমান জয়ী হয়েছেন। এছাড়া নীল প্যানেল থেকে সহ-সম্পাদকের দুটি পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল বিজয়ী হয়েছেন।
সদস্যের সাতটি পদের মধ্যে ছয়টিতে জয় পেয়েছেন নীল প্যানেলের প্রার্থীরা। তাঁরা হলেন এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, ওয়াহিদ আফরোজ চৌধুরী, মো. কবির হোসেন, মো. জিয়া উদ্দিন মিয়া ও মো. টিপু সুলতান। সদস্যের অপর একটি পদে বিজয়ী হয়েছেন সবুজ প্যানেলের আজিম উদ্দিন পাটোয়ারী।
ডিবিসি/কেএলডি