জেলার সংবাদ

১৪ বছরেও সংস্কার হয়নি সড়ক, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ

বরিশাল ব্যুরো

ডিবিসি নিউজ

১৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঝালকাঠি সদর উপজেলার কবিরাজ বাড়ি, খামার বাড়ি থেকে বড়বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক দীর্ঘ ১৪ বছর ধরে সংস্কার হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। বেহাল সড়ক ও দীর্ঘদিনের জলাবদ্ধতার প্রতিবাদে তাঁরা সড়কে কচুগাছ রোপণ করে বিক্ষোভ করেছেন।

সোমবার (২০ জুলাই) বিকেলে প্রায় আধা ঘণ্টা সড়কে অবস্থান নিয়ে প্রতীকী এ কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা।

 

স্থানীয়দের অভিযোগ, শহরের গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টি হলেই হাঁটুসমান পানি জমে যায়। এতে প্রতিদিন শিক্ষার্থীসহ হাজারো মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। অতিবৃষ্টি হলে সড়কের পানি আশপাশের বসতবাড়িতেও ঢুকে পড়ে।

 

প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য দেন সরদার সাফায়াত হোসেন, শফিকুল ইসলাম সুজন, রুমা আক্তার, হারুন অর রশীদ, রিয়াজ হাওলাদার ও ইউনুস হাওলাদার। তাঁরা দ্রুত সড়কটির সংস্কার এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের দাবি জানান।

 

বক্তারা বলেন, সর্বশেষ ২০১২ সালে সড়কটির সংস্কার করা হয়েছিল। এরপর দীর্ঘ ১৪ বছরেও আর কোনো উন্নয়নকাজ হয়নি। এ সময়ে সড়কের অবস্থা আরও খারাপ হয়েছে। ফলে প্রতিদিন ভোগান্তি নিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে।

 

এ বিষয়ে ঝালকাঠি পৌরসভার নির্বাহী প্রকৌশলী টিএম রেজাউল হক রিজভী বলেন, সড়ক সংস্কারের জন্য ইতিমধ্যে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রকল্পের অর্থ এসআইবিএল ব্যাংকে জমা থাকলেও অর্থ ছাড় না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্স কাজ শুরু করতে পারেনি। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগে কাজ শুরু করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

 

ডিবিসি/এমএনকে
 

আরও পড়ুন