বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ১৪ বছরের সম্পর্ক শেষ করেছেন দলটির সাবেক অধিনায়ক সার্জি রবার্তো। তার বার্সেলোনা ছাড়ার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছেন ক্লাব কর্তৃপক্ষ।
মাত্র ১৪ বছর বয়সে বার্সেলোনার লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা মিডফিল্ডার সার্জি রবার্তোর প্রথম দলে অভিষেক হয় ২০১০ সালে। ৩২ বছর বয়সী রবার্তোর সঙ্গে গত জুনেই ক্লাবের চুক্তি শেষ হয়ে গিয়েছিল।
এখন পর্যন্ত রবার্তোর ভবিষ্যৎ নিয়ে কোন সিদ্ধান্তের কথা জানানো হয়নি। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’তে পিএসজির বিপক্ষে ৬-১ গোলেরদুর্দান্ত ফিরে আসার ম্যাচটিতে বার্সেলোনার নায়কে পরিণত হয়েছিলেন তিনি।
ওই বার প্রথম লেগে ফরাসি চ্যাম্পিয়নরা ৪-০ গোলে জয় লাভ করেছিল। কাতালান জায়ান্টদের হয়ে শেষ গোলটি দিয়েছিলেন রবার্তো। বার্সার জার্সিতে ৩৭৩ ম্যাচ খেলা রবার্তো ২৫টি শিরোপা জয় করেছেন। ক্লাবের হয়ে ১৯টি গোল করেছেন তিনি।
দুটি চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও সাতটি লা লিগা শিরোপা জিতেছেন রবার্তো। সাম্প্রতিক সময়ে বেশিরভাগ ম্যাচেই বৈচিত্র্যময় এই স্প্যানিশ মিডফিল্ডার রাইট-ব্যাক হিসেবে খেলেছেন।
ডিবিসি/ এসএসএস