দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আবারও কলকাতায় পা রাখলেন বিশ্বফুটবলের মহাতারকা লিওনেল মেসি।
শুক্রবার (১২ই ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটা নাগাদ এই ফুটবল জাদুকর কলকাতায় পৌঁছান। এবারের সফরে মেসির সঙ্গে এসেছেন তার ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পল। মেসির এই বিশেষ ভারত সফরের নাম দেওয়া হয়েছে ‘গোট ট্যুর অফ ইন্ডিয়া’।
মেসির সফর ঘিরে লেক টাউন মোড়ের কাছে তার নিজের ৭০ ফুট উচ্চতার একটি মূর্তি উদ্বোধনের কথা ছিল। পরিকল্পনা অনুযায়ী মেসির সশরীরে সেখানে গিয়ে মূর্তিটির আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা থাকলেও, সাম্প্রতিক নিরাপত্তাজনিত কারণে সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, মেসি হোটেল থেকেই ভার্চুয়ালি নিজের মূর্তি উন্মোচন করবেন।
শনিবার (১৩ই ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত চলবে ‘মিট অ্যান্ড গ্রিট’ পর্ব। এরপর ভার্চুয়ালি মূর্তি উদ্বোধন শেষে তিনি রওনা দেবেন যুবভারতী স্টেডিয়ামে। সেখানে এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউড বাদশাহ শাহরুখ খান এবং কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেলিব্রেটি ফ্রেন্ডলি ম্যাচ, সংবর্ধনা এবং সংক্ষিপ্ত আলাপচারিতা শেষে বিমানবন্দর হয়ে আজই হায়দ্রাবাদের উদ্দেশ্যে উড়াল দেবেন এলএম টেন।
ডিবিসি/এএমটি