দাবি আইআরজিসি’র

১৫ দিনে ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মহসিন মোহেবি দাবি করেছেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের পর মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের সশস্ত্র বাহিনীর হামলায় ২০০ জনেরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন।

দেশটির স্থানীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘অপারেশন ভিক্টরি-২’ নামক এই অভিযানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে এবং আহতের সংখ্যা এর চেয়েও অনেক বেশি।

 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক এই ভয়াবহ উত্তেজনা শুরু হয় চলতি বছরের জুলাই মাসের শুরুর দিকে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক বা যুদ্ধবিরতি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র হঠাৎ করেই দক্ষিণ ইরানে বিমান হামলা চালায়, যা এই সংঘাতের মূল সূত্রপাত ঘটায়।

 

মার্কিন এই বিমান হামলার কড়া জবাব দিতে তেহরানও তাৎক্ষণিক পাল্টা পদক্ষেপ গ্রহণ করে। এর অংশ হিসেবে মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে জোরালো হামলা চালায় ইরান। এসব আক্রান্ত ঘাঁটির মধ্যে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং জর্ডানে অবস্থিত মার্কিন স্থাপনাগুলো অন্তর্ভুক্ত ছিল।

 

এদিকে, হামলায় মার্কিন সেনাদের হতাহত ও ক্ষয়ক্ষতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রকাশিত সরকারি প্রতিবেদনগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন আইআরজিসি-এর এই মুখপাত্র। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে তাদের প্রকৃত ক্ষয়ক্ষতির হিসাব আড়াল করার চেষ্টা করছে।

 

প্রকৃত সত্য তুলে ধরতে ওয়াশিংটনের প্রতি একটি প্রকাশ্য চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন মহসিন মোহেবি। তিনি প্রস্তাব দিয়েছেন, যুক্তরাষ্ট্র যেন ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত সেই মার্কিন ঘাঁটিগুলোতে স্বাধীন সাংবাদিকদের পরিদর্শনের আমন্ত্রণ জানায়, যাতে পুরো বিশ্ব হামলার আসল চিত্র ও ক্ষয়ক্ষতির মাত্রা স্বচক্ষে দেখতে পারে।

 

সূত্র: ফারস নিউজ


ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন