পুলিশ বাহিনীর সদস্যদের আর পরিচিত গাঢ় নীল রঙের পোশাকে দেখা যাবে না। চলতি মাসের ১৫ তারিখ থেকেই এই পোশাক বদলে যাচ্ছে। নতুন ধূসর রঙের মতো পোশাকে ডিউটি করতে দেখা যাবে পুলিশের রেঞ্জ, থানা ও মেট্রোপলিটন এলাকায় কর্মরত সদস্যদের।
প্রাথমিক পর্যায়ে সব মেট্রোপলিটনেই এই নতুন ইউনিফর্ম পরা শুরু হবে এবং পর্যায়ক্রমে সব ইউনিট এটি পাবে।
জুলাই গণঅভ্যুত্থানে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে পুলিশ বাহিনী সমালোচনার মুখে পড়ে এবং সদস্যদের মনোবল ভেঙে পড়ে। এরপরই বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি ওঠে। এই বিষয়গুলো মাথায় রেখেই অন্তর্বর্তী সরকার বাহিনীটির সংস্কারে নানা পদক্ষেপ হাতে নেয়, যার প্রাথমিক পর্যায়ে পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়। সচিবালয়ে প্রাথমিকভাবে পোশাকের ট্রায়ালও দেওয়া হয়, যদিও নতুন কাপড়ের রঙ নিয়ে সমালোচনাও উঠেছিল।
স্বাধীনতার পর ২০০৪ সালে পুলিশের পোশাকে সবচেয়ে বড় পরিবর্তন আসে। সে সময় মেট্রোপলিটন পুলিশকে হালকা জলপাই রঙ ও জেলা পুলিশকে গাঢ় নীল রঙের পোশাক দেওয়া হয়। ২০০৯ সালে পোশাকে কিছুটা পরিবর্তন এলেও ২০২১ সালের ট্রায়াল সফল হয়নি।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসেন ১৫ তারিখ থেকে পোশাক পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, শুধু পোশাক পরিবর্তন নয়, পুলিশের মানসিকতার পরিবর্তনেও জোর দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক মনে করেন, মানসিকতার পরিবর্তন না করে পোশাকে মনোযোগ দিলে বাহিনীতে উন্নতি আসবে না। তিনি পুলিশ বাহিনীকে জনবান্ধব করতে প্রশিক্ষণসহ নানা পদক্ষেপের তাগিদ দেন।
ডিবিসি/পিআরএএন