আন্তর্জাতিক, আমেরিকা

১৬৫ বছরের প্রথা ভেঙে ট্রাম্পের স্বাক্ষরযুক্ত ডলার বাজারে আনছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো বর্তমান প্রেসিডেন্টের স্বাক্ষর সংবলিত কাগজের মুদ্রা বাজারে আসতে যাচ্ছে। ট্রেজারি ডিপার্টমেন্টের ঘোষণা অনুযায়ী, আগামী গ্রীষ্মকাল থেকেই মার্কিন ডলারের নোটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর দেখা যাবে। আমেরিকার স্বাধীনতার ২৫০তম বার্ষিকী বা 'সেমিকুইনসেন্টেনিয়াল' উপলক্ষে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাক্ষরের এ পরিবর্তনের ফলে গত ১৬৫ বছর ধরে নোটগুলোতে মার্কিন ট্রেজারারের স্বাক্ষর থাকার দীর্ঘ ঐতিহ্যের অবসান ঘটতে যাচ্ছে। সাধারণত মার্কিন ডলারের নোটগুলোতে ট্রেজারি সেক্রেটারির পাশাপাশি ইউএস ট্রেজারারের স্বাক্ষর থাকে।

 

ট্রেজারি বিভাগ জানিয়েছে, আগামী জুন মাস থেকে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের স্বাক্ষর সংবলিত প্রথম ১০০ ডলারের নোটগুলো ছাপানো শুরু হবে। পরবর্তী মাসগুলোতে অন্যান্য মানের নোটগুলোও একইভাবে তৈরি করা হবে এবং ব্যাংকগুলোর মাধ্যমে এ নতুন মুদ্রা বাজারে ছড়িয়ে পড়তে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। 

 

বর্তমানে বাজারে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদের ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন এবং সাবেক ট্রেজারার লিন মালেরবার স্বাক্ষর সংবলিত নোটগুলো প্রচলিত রয়েছে। ১৮৬১ সাল থেকে ফেডারেল কারেন্সিতে ট্রেজারারদের স্বাক্ষর থাকার যে অবিচ্ছিন্ন ধারা চালু ছিল, মালেরবাই হতে যাচ্ছেন সেই ধারার সর্বশেষ ব্যক্তি।

 

প্রশাসনের এ পদক্ষেপকে প্রেসিডেন্টের নাম ও পরিচয় বিভিন্ন জাতীয় স্থাপনা, প্রতিষ্ঠান এবং সরকারি কর্মসূচির সাথে যুক্ত করার একটি ধারাবাহিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বিবৃতিতে জানিয়েছেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আর্থিক স্থিতিশীলতার স্বীকৃতিস্বরূপ এ সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী। তিনি মনে করেন, স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের মুহূর্তে ঐতিহাসিক অর্জনগুলোকে সম্মান জানাতে ডলারের নোটে প্রেসিডেন্টের নাম থাকা একটি বলিষ্ঠ পদক্ষেপ। তবে মার্কিন আইনে প্রচলিত মুদ্রায় জীবিত কোনো ব্যক্তির প্রতিকৃতি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা থাকলেও, নোটের স্বাক্ষরের ক্ষেত্রে ট্রেজারি বিভাগকে বিশেষ বিবেচনার ক্ষমতা দেওয়া হয়েছে।

 

নতুন নোটগুলোতে স্বাক্ষরের স্থান পরিবর্তন ছাড়া মূল নকশায় অন্য কোনো বড় পরিবর্তন আনা হচ্ছে না বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। যদিও সাবেক ট্রেজারার লিন মালেরবা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি, তবে ট্রাম্পের প্রথম মেয়াদের ট্রেজারার জোভিটা কারানজা এ পদক্ষেপকে মার্কিন স্থিতিস্থাপকতা এবং মুক্ত বাণিজ্যের শক্তির প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। বর্তমান ট্রেজারার ব্র্যান্ডন বিচও এ সিদ্ধান্তের প্রশংসা করে ট্রাম্পকে মার্কিন অর্থনীতির স্বর্ণালী যুগের স্থপতি হিসেবে অভিহিত করেছেন। মূলত জাতীয় উৎসবের প্রেক্ষাপটে মার্কিন মুদ্রার দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন ধারার সূচনা করছে ট্রাম্প প্রশাসন।

 

তথ্যসূত্র: রয়টার্স

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন