ইন্দোনেশিয়ায়

১৭ জনকে আহত করার অপরাধে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক বানর!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইন্দোনেশিয়ার রিয়াউ প্রদেশে কয়েক সপ্তাহ ধরে চলা এক ধারাবাহিক হামলায় অন্তত ১৭ জনকে আহত করার পর অবশেষে সন্দেহভাজন একটি বন্য বানরকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়ান সংবাদমাধ্যম জেপিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, পুলিশ, সামরিক বাহিনী, অগ্নিনির্বাপক কর্মী এবং বন্যপ্রাণী কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল ফাঁদ পেতে ইন্দ্রাগিরি হিলির রিজেন্সির তেম্বিলাহান শহর থেকে বানরটিকে আটক করে। ইন্দ্রাগিরি হিলির পুলিশ প্রধান ডনি একো লিস্টিয়ান্তো জানান, রিয়াউ ন্যাচারাল রিসোর্সেস কনজারভেশন এজেন্সি বানরটির সম্ভাব্য লুকিয়ে থাকার জায়গাগুলোতে তিনটি ফাঁদ পেতেছিল, যার একটিতে সেটি ধরা পড়ে।

 

কর্তৃপক্ষের ধারণা, গত ২৫ জুলাই থেকে শুরু হওয়া এই হামলাগুলোর জন্য আটককৃত ম্যাকাক বানরটিই দায়ী। দ্য জাকার্তা পোস্ট জানিয়েছে, তেম্বিলাহান এলাকায় একদল লম্বা-লেজযুক্ত ম্যাকাক (Macaca fascicularis) বানরের উপস্থিতির পর থেকে শিশু ও বয়স্ক ব্যক্তিসহ অন্তত ১৭ জন এদের হামলার শিকার হয়েছেন। একটি বড় আকারের পূর্ণবয়স্ক পুরুষ বানর এই হামলাগুলো চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছিল। রাস্তাঘাট, বাড়ির বাইরে এবং এমনকি কিছু বাসস্থানের ভেতরেও এসব হামলার ঘটনা ঘটে। হামলায় আহত বেশ কয়েকজনকে হাসপাতালে সেলাইও দিতে হয়েছে।

 

বানরের এই আকস্মিক হামলার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে তেম্বিলাহান জেলার সমস্ত স্কুলকে তিন দিনের জন্য রিমোট লার্নিং বা অনলাইনে ক্লাস নেওয়ার নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ।

 

কর্মকর্তারা জানিয়েছেন যে, আটককৃত প্রাণীটির আকার, আক্রমণাত্মক আচরণ এবং মুখে থাকা একটি স্বতন্ত্র দাগ ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া বর্ণনার সাথে পুরোপুরি মিলে যায়, যা নিশ্চিত করে যে এটিই সেই হামলাকারী বানর।
 

সূত্র: আনাদোলু

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন