বেশিরভাগ মানুষ যুদ্ধকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ব্যাপারে ভিন্ন ভিন্ন মত পোষণ করেন।
আমার শৈশবে উইনস্টন চার্চিল সম্পর্কে আমি প্রথম জানতে পারি। আমি শিশু সাহিত্যিক এনিড ব্লাইটনের একটি বই পড়ছিলাম। তিনি লিখেছেন ওই মহান রাষ্ট্রনায়কের প্রতি তার এতোটাই শ্রদ্ধা ছিল যে তার একটি ছবি তিনি তার বাড়ির ফায়ার প্লেসের ওপরে সাজিয়ে রেখেছিলেন।
বড় হওয়ার সাথে সাথে আমি যতোই ভারতের ঔপনিবেশিক অতীতের বিষয়ে লোকজনের সঙ্গে আলোচনা করি, ততোই দেখতে পাই যে আমার দেশের বেশিরভাগ মানুষ যুদ্ধকালীন এই ব্রিটিশ প্রধানমন্ত্রীর ব্যাপারে ভিন্ন ভিন্ন মত পোষণ করেন।
ঔপনিবেশিক শাসনের ব্যাপারেও রয়েছে একেক জনের একেক রকমের মতামত। অনেকের কথা হলো ব্রিটিশরা ভারতের জন্য অনেক কিছু করেছে- তারা রেলওয়ের অবকাঠামো নির্মাণ করেছে, তৈরি করেছে ডাক বিভাগ।
তারা তাদের নিজেদের জন্যই এসব করেছে এবং তার ফলে ভারত একটি দরিদ্র ও লুট হয়ে যাওয়া দেশে পরিণত হয়েছে, কেউ কেউ তার জবাব দিয়েছে এভাবে। আমার দাদি সবসময় আবেগের সঙ্গে বলতেন যে কীভাবে তারা ওইসব বর্বর ব্রিটিশের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিয়েছেন। আমি যে ভারতে বড় হয়েছি, এধরনের ক্ষোভ সত্ত্বেও সেদেশে যা কিছু পশ্চিমা অথবা সাদা চামড়ার কেউ কিছু করলে বা বললে সেটাকে অনেক বড় করে দেখা হতো। কয়েক দশকের ঔপনিবেশিক শাসনের কারণে এদেশের মানুষের আত্মবিশ্বাস ধীরে ধীরে মুছে গিয়েছিল।
স্বাধীনতার পর গত ৭৩ বছরে ভারতে অনেক পরিবর্তন হয়েছে। তৈরি হয়েছে নতুন এক ভারতীয় প্রজন্ম যারা বিশ্বে নিজেদের দেশের অবস্থানের ব্যাপারে অনেক বেশি আত্মবিশ্বাসী।
তারা এখন প্রশ্ন তুলতে শুরু করেছে যে আমাদের ঔপনিবেশিক শাসনামলের বহু কালো অধ্যায়ের ব্যাপারে এখনও কেন পর্যাপ্ত জ্ঞানের অভাব রয়েছে এবং আমরা কেন সেগুলোর নিন্দা করি না।
এরকম কালো অধ্যায়ের একটি হচ্ছে ১৯৪৩ সালে (বাংলা সন ১৩৭৬) বেঙ্গলের বা বাংলার দুর্ভিক্ষ (যা ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত )। সেসময় অনাহারে মারা গেছে কমপক্ষে ৩০ লাখ মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সাম্রাজ্যের যতো মানুষের প্রাণহানি ঘটেছে এই সংখ্যা তার চেয়েও ছয় গুণ বেশি।
প্রতি বছরেই ব্রিটিশদের যুদ্ধ জয় এবং তাতে নিহতদের স্মরণ করা হয়, কিন্তু এই একই সময়ে ব্রিটিশ-শাসিত বেঙ্গলে যে বিপর্যয়ের সৃষ্টি হয়েছিল সেটা একেবারেই বিস্মৃত হয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করেছেন সে সময় শকুন ও কুকুরে খাওয়া মরদেহ জমিতে ও নদীর ধারে পড়ে থাকার কথা। এতো মৃতদেহের সৎকার করার ক্ষমতাও কারো ছিল না।
গ্রামে যাদের মৃত্যু হয়নি তারা খাদ্যের সন্ধানে শহরাঞ্চলে চলে যান।
প্রত্যেককে কঙ্কালের মতো দেখাতো, মনে হতো শরীরের কাঠামোর ওপরে শুধু চামড়া লাগানো, বলেন প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। দুর্ভিক্ষের সময় তার বয়স ছিল মাত্র আট বছর।
ভাত রান্নার সময় যে মাড় তৈরি হয়, লোকজন সেটার জন্য কান্নাকাটি করতো। কারণ তারা জানতো যে তাদেরকে তখন ভাত দেওয়ার মতো কেউ ছিলো না। একবার যে এই কান্না শুনেছে সে তার জীবনে কখনো এই কান্নার কথা ভুলতে পারবে না। এখনো সেসব নিয়ে কথা বলতে গেলে আমার চোখে জল চলে আসে। আমি আমার আবেগ নিয়ন্ত্রণ করতে পারি না।
বেঙ্গলে এই দুর্ভিক্ষের সূত্রপাত হয়েছিল ১৯৪২ সালের এক ঘূর্ণিঝড় ও বন্যার কারণে। তবে এই পরিস্থিতির আরো অবনতি ঘটেছিল স্যার উইনস্টন চার্চিল ও তার মন্ত্রিসভার নীতিমালার কারণে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন ইতিহাসবিদ ইয়াসমিন খান বলেছেন বার্মা থেকে জাপানিরা বেঙ্গল দখল করতে চলে আসতে পারে এই আশঙ্কায় ওই নীতি গ্রহণ করা হয়েছিলো। এর পেছনে উদ্দেশ্য ছিল শস্যসহ সবকিছু ধ্বংস করে ফেলা, এমনকি যেসব নৌকায় শস্য বহন করা হবে সেগুলোও। ফলে জাপানিরা যখন আসবে তারা আর সেখানে টিকে থাকার জন্য সম্পদ পাবে না। এই নীতি গ্রহণের ফলে যেসব প্রভাব পড়েছিল ইতিহাসে সেগুলো ভালো করেই লেখা আছে।
ভারতীয় প্রশাসনের দায়িত্বে থাকা ব্রিটিশ সৈন্যদের লেখা ডায়েরিতে দেখা যায়, উইনস্টন চার্চিলের সরকার ভারতে জরুরি খাদ্য সাহায্য পাঠানোর আবেদন কয়েক মাস ধরে বাতিল করে দিয়েছিল।
এর পেছনে কারণ ছিল ব্রিটেনে খাদ্যের মজুত কমে যাওয়ার আশঙ্কা এবং যুদ্ধের বাইরে অন্য কাজে জাহাজ মোতায়েন করা। চার্চিল ভেবেছিলেন দুর্ভিক্ষ মোকাবেলায় স্থানীয় রাজনীতিকরাই অনেক কিছু করতে পারবেন। বিভিন্ন নোটে ভারতের প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির ব্যাপারেও কিছু ধারণা পাওয়া যায়।
সূত্র: বিবিসি বাংলা