প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টার সম্পদের বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়, যেখানে দেখা যায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সম্পদের পরিমাণ গত এক বছরের ব্যবধানে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পরিসংখ্যানে দেখা যায়, ২০২৪ সালের ৩০ জুনের তুলনায় ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত তাঁর সম্পদ কমেছে প্রায় ১ কোটি ১২ লাখ টাকা।
প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত পরিবেশ উপদেষ্টার মোট সম্পদের পরিমাণ ছিল ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৫৫ টাকা। এর মধ্যে আর্থিক সম্পদ ছিল ১ কোটি ৯৪ লাখ ৬০ হাজার ৯৪৮ টাকা এবং নন-ফিন্যান্সিয়াল সম্পদ ছিল ৩১ লাখ ৪ হাজার ১০৭ টাকা। অন্যদিকে, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত তাঁর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ১২ লাখ ৭২ হাজার ৯২৪ টাকায়। এই সময়ে তাঁর আর্থিক সম্পদ কমে ৮১ লাখ ৬৮ হাজার ৮১৭ টাকায় নেমে এলেও নন-ফিন্যান্সিয়াল সম্পদ অপরিবর্তিত রয়েছে এবং বিদেশে তাঁর কোনো সম্পদ নেই বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি উপদেষ্টার ব্যক্তিগত ও ব্যবসায়িক দায়দেনার পরিমাণও কমেছে, যা আগে ১০ লাখ ৫৪ হাজার ৭৫২ টাকা থাকলেও বর্তমানে তা হ্রাস পেয়ে ৬ লাখ ৪৭ হাজার ৮৮৭ টাকায় দাঁড়িয়েছে।
ডিবিসি/এফএইচআর