বাংলাদেশ

১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে, যার ৮০ শতাংশ হবে নারী: প্রধানমন্ত্রী

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই নিয়োগপ্রক্রিয়ায় নারীশক্তির ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি জানিয়েছেন, মোট নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৮০ শতাংশই থাকবেন নারী স্বাস্থ্যকর্মী।

আজ শনিবার (১ মে) বেলা সোয়া ১১টার দিকে সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মহাপরিকল্পনার কথা জানান।

 

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, শহরের মানুষ বর্তমানে কিছু চিকিৎসা সুবিধা পেলেও গ্রামের অধিকাংশ অঞ্চলের মানুষ এখনও যথাযথ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এই অসমতা দূর করতেই নতুন স্বাস্থ্যকর্মীদের নিয়োগ দেওয়া হচ্ছে। নিয়োগপ্রাপ্ত কর্মীদের মূল দায়িত্ব হবে গ্রাম ও শহরের প্রতিটি ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করা। বিশেষ করে পরিবারের নারীদের স্বাস্থ্য সচেতনতা ও সঠিক জীবনধারা সম্পর্কে শিক্ষিত করে তোলাই হবে এই প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য।

 

তারেক রহমান বলেন, নতুন এই স্বাস্থ্যকর্মীরা সাধারণ মানুষকে খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তন সম্পর্কে পরামর্শ দেবেন। কীভাবে ডায়েট নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিস, হৃদরোগ কিংবা কিডনি জটিলতা প্রতিরোধ করা যায় এবং হাইজিন বা স্বাস্থ্যবিধি মেনে চলা যায়, সে বিষয়ে মাঠ পর্যায়ে কাজ করবেন তারা। প্রধানমন্ত্রী মনে করেন, রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধে সচেতন হওয়া বেশি জরুরি।

 

জনস্বাস্থ্যের এই নতুন দিগন্ত নিয়ে আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার চায় সামগ্রিকভাবে দেশে অসুস্থ মানুষের সংখ্যা কমিয়ে আনতে। মানুষ যদি সচেতনতার মাধ্যমে সুস্থ থাকে, তবে হাসপাতালের ওপর চাপ কমবে এবং যারা প্রকৃতপক্ষেই অসুস্থ হয়ে হাসপাতালে আসবেন, তাদের আরও উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করা সম্ভব হবে। অসুস্থ মানুষের সংখ্যা কমলে রাষ্ট্রীয়ভাবে তাদের সঠিক পরিচর্যা করা আরও সহজতর হবে বলে তিনি মন্তব্য করেন।

 

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন