শিক্ষা

২০০৯ থেকে ২৪ পর্যন্ত সব নিয়োগ পর্যালোচনায় যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ২৯শে জুলাই ২০২৬ ১১:৩১:৫৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সম্পন্ন হওয়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব নিয়োগ পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।

একই সঙ্গে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ১২৫ শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগও তদন্তের আওতায় আনা হচ্ছে।

 

মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে উপাচার্য বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

 

নিয়োগ-সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনার জন্য উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালামের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

অন্যদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীবিরোধী ভূমিকার অভিযোগে অভিযুক্ত ১২৫ শিক্ষকের বিষয়ে তদন্ত ও প্রয়োজনীয় সুপারিশ দিতে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এতে রয়েছেন উপাচার্য, দুই উপ-উপাচার্য এবং সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। এর আগে ফ্যাসিবাদবিরোধী শিক্ষক প্ল্যাটফর্ম অভিযুক্ত শিক্ষকদের তালিকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিল।

 

সিন্ডিকেট সভায় সাবেক উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিপক্ষে ভূমিকা এবং অন্যান্য অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটির স্থায়ী বহিষ্কারের সুপারিশ বিশ্ববিদ্যালয় ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্তও গৃহীত হয়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ট্রাইব্যুনাল।

 

এ ছাড়া, ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত বিশ্বব্যাংক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে বাস্তবায়িত হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (HEQEP)-এর আওতায় পরিচালিত সব গবেষণা প্রকল্পও তদন্তের আওতায় আনা হয়েছে। প্রকল্পগুলোর অর্থ যথাযথভাবে ব্যয় হয়েছে কি না, তা যাচাইয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমুজাদ্দাদে আলফাসানের নেতৃত্বে পৃথক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন