২০২৫ সালের তুলনায় বর্তমানে দেশে অপরাধের সংখ্যা কমেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যে প্রতিবেদন দিয়েছে, সেটিকে ‘পত্রিকানির্ভর’ বলে আখ্যায়িত করেন তিনি। সোমবার (৮ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাস্তবে গত বছরের চেয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি কেমন, তা জনগণই বিবেচনা করবে। তবে জনপ্রত্যাশা অনুযায়ী আইনের শাসন বাস্তবায়নে কাজ করার জন্য তাদের নৈতিকভাবে উৎসাহিত করা প্রয়োজন। বর্তমান সরকার ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’ নীতিতে বিশ্বাস করে উল্লেখ করে তিনি জানান, বাহিনীতে ভালো কাজের স্বীকৃতি এবং খারাপ কাজের জন্য তিরস্কারের ব্যবস্থা নেওয়া হবে।
এরই অংশ হিসেবে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করার কথা জানান সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, রামিসা হত্যাকাণ্ডে দ্রুত ডিএনএ টেস্ট ও ময়নাতদন্ত সম্পন্ন করে চার্জশিট প্রদান, দৌলতদিয়া ঘাটে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে অন্তত ৫০ জন বাসযাত্রীর প্রাণ রক্ষা এবং মুন্সিগঞ্জের গজারিয়ায় কিশোরী হত্যার ক্লুলেস মামলার দ্রুততম রহস্য উদ্ঘাটন করে আসামিদের গ্রেপ্তারে বিশেষ ভূমিকা রাখায় ওই সদস্যদের পুরস্কৃত করেছে সরকার। সরকারের এ ধরনের উদ্যোগ পুলিশ সদস্যদের মনোবল আরও বাড়াবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ডিবিসি/এফএইচআর