খেলাধুলা, ফুটবল

২০২৬ ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৮ই ডিসেম্বর ২০২৫ ০১:৫২:৪৫ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি বা পুরস্কারের অর্থ ঘোষণা করেছে। আগামী বিশ্বকাপে অংশগ্রহণকারী এবং বিজয়ী দলগুলোর জন্য অপেক্ষা করছে রেকর্ড পরিমাণ অর্থ। ফিফার ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পাবে ৫০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১০ কোটি ৬১ লাখ টাকা।

ফিফা জানিয়েছে, আসন্ন এই টুর্নামেন্টের জন্য মোট পুরস্কারের তহবিল ধরা হয়েছে ৬৫৫ মিলিয়ন ডলার। এটি ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত গত বিশ্বকাপের ৪৪০ মিলিয়ন ডলারের তহবিলের চেয়ে প্রায় ৫০ শতাংশ বেশি। অর্থাৎ বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞে এবার অর্থের ঝনঝনানি আগের যেকোনো আসরকে ছাড়িয়ে যাবে।

 

তুলনামূলক হিসেবে দেখা যায়, তিন বছর আগে কাতারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতা লিওনেল মেসির আর্জেন্টিনা দল পুরস্কার হিসেবে পেয়েছিল ৪২ মিলিয়ন ডলার বা প্রায় ৫০০ কোটি টাকা। রানার্সআপ ফ্রান্স পেয়েছিল ৩০ মিলিয়ন ডলার বা ৩৬৬ কোটি টাকা। এবার চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি আগেরবারের চেয়ে প্রায় ১১০ কোটি টাকা বাড়িয়েছে ফিফা। রানার্সআপ দলের পুরস্কারও বেড়ে দাঁড়িয়েছে ৪০৩ কোটি টাকায়।

 

আগামী বছরের ১১ই জুন থেকে ১৯শে জুলাই পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবলের এই মেগা ইভেন্ট। ইতিহাসের প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে আয়োজিত হবে এই বিশ্বকাপ। অংশগ্রহণকারী প্রতিটি দেশ তাদের প্রস্তুতির খরচ মেটাতে ফিফার কাছ থেকে পাবে অতিরিক্ত ১.৫ মিলিয়ন ডলার বা প্রায় ১৮ কোটি টাকা। এমনকি গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দলগুলোও খালি হাতে ফিরবে না; তাদের প্রত্যেকে পাবে ৯ মিলিয়ন ডলার বা ১১০ কোটি টাকা।

 

একনজরে ২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি:

চ্যাম্পিয়ন: ৬১০ কোটি ৬১ লাখ টাকা

রানার্সআপ: ৪০৩ কোটি টাকা

তৃতীয় স্থান: ৩৫৪ কোটি ১৫ লাখ টাকা

চতুর্থ স্থান: ৩২৯ কোটি ৭৩ লাখ টাকা

কোয়ার্টার ফাইনালিস্ট (৫ম-৮ম): ২৩২ কোটি ৩ লাখ টাকা (প্রতি দল)

শেষ ১৬ (৯ম-১৬তম): ১৮৩ কোটি ১৮ লাখ টাকা (প্রতি দল)

শেষ ৩২ (১৭তম-৩২তম): ১৩৪ কোটি ৩৩ লাখ টাকা (প্রতি দল)

গ্রুপ পর্ব (৩৩তম-৪৮তম): ১১০ কোটি টাকা (প্রতি দল)

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন