আন্তর্জাতিক

২০২৬ বিশ্বকাপে খেলবে ইরান: ফিফা প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতি এবং কূটনৈতিক উত্তেজনার মাঝেই ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। আজ তুরস্কে অনুষ্ঠিত ইরান ও কোস্টারিকার মধ্যকার একটি প্রীতি ম্যাচ চলাকালে তিনি এই ঘোষণা দেন।

এর আগে নিরাপত্তার কারণ দেখিয়ে বিশ্বকাপ থেকে ইরানের নাম প্রত্যাহারের একটি গুঞ্জন তৈরি হয়েছিল। নিজেদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার জন্য আবেদনও করেছিল দেশটি। সে সময় ফিফার কাছে বিকল্প কোনো পরিকল্পনা বা 'প্ল্যান বি' নেই বলে স্পষ্ট জানিয়েছিলেন ইনফান্তিনো। তবে এবার তিনি ইরানের বিশ্বকাপে না খেলার যাবতীয় শঙ্কা একেবারে উড়িয়ে দিয়েছেন।

 

ফিফা প্রেসিডেন্ট জানান, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ইরান যুক্তরাষ্ট্রেই তাদের ম্যাচগুলোতে অংশ নেবে এবং ফুটবলের শক্তির মাধ্যমে তারা এই সব বাধা অতিক্রম করতে চান। তিনি আরও উল্লেখ করেন যে, এই বিষয়ে তিনি মার্কিন প্রশাসনের সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করেছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকেও নিশ্চয়তা দেওয়া হয়েছে, ইরানি খেলোয়াড় ও প্রতিনিধি দলের যুক্তরাষ্ট্রে প্রবেশে কোনো ধরনের বাধা থাকবে না এবং তাদের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

 

উল্লেখ্য, কয়েকদিন আগেই রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে বিশ্বকাপে অংশগ্রহণ না করার ইঙ্গিত দিয়েছিলেন ইরানের ক্রীড়ামন্ত্রী। তবে আজ ফিফা প্রেসিডেন্টের সরাসরি হস্তক্ষেপ এবং ইরানি দলের খেলোয়াড় ও কোচের সঙ্গে আলোচনার পর পুরো পরিস্থিতি একটি ইতিবাচক দিকে মোড় নিয়েছে।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন