বাংলাদেশ, শিক্ষা

২০২৬ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ২১ এপ্রিল

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৫ই জানুয়ারী ২০২৬ ০৭:১৩:৪১ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২০২৬ সালের এসএসসি পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হওয়া এই তত্ত্বীয় অংশের পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পরীক্ষার সূচি অনুমোদন করার পর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আনুষ্ঠানিকভাবে এই সময়সূচি প্রকাশ করেছে। প্রকাশিত সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে।

 

বোর্ডের নির্দেশনায় পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু নিয়মাবলি উল্লেখ করা হয়েছে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে আবশ্যিকভাবে কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষার প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর অন্তত তিন দিন আগে সংগ্রহ করতে হবে। এছাড়া তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পরীক্ষার্থীদের পৃথকভাবে পাস করতে হবে। পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। তবে কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে বা ব্যবহার করতে পারবেন না।

 

এবারের এসএসসি পরীক্ষায় সিলেবাস নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হয়েছে। এ বছর নিয়মিত পরীক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। তবে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের পূর্ণাঙ্গ সিলেবাসের প্রশ্নেই পরীক্ষায় বসতে হবে।

 

সিলেবাসের এই ভিন্নতার প্রেক্ষাপটও স্পষ্ট করা হয়েছে। এ বছর যারা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে এসএসসি পরীক্ষায় বসবে, তারা নবম শ্রেণিতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে প্রণীত ‘নতুন শিক্ষাক্রম’ এ পড়াশোনা করেছিল, যেখানে বিভাগ বিভাজন ছিল না। কিন্তু ২০২৪ সালের ১ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার সেই শিক্ষাক্রম বাতিল ঘোষণা করে। এরপর ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ওই শিক্ষার্থীরা বিভাগ বিভাজনসহ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) ২০১২ সালের শিক্ষাক্রমে দশম শ্রেণিতে পড়াশোনা শুরু করে। যেহেতু তারা নবম শ্রেণিতে এই কারিকুলাম পায়নি, তাই তাদের চাপ কমাতে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।

 

অন্যদিকে, গত বছর যারা এসএসসি ও সমমান পরীক্ষায় বসেছিল, তারা নবম ও দশম উভয় শ্রেণিতেই ২০১২ সালে প্রণীত শিক্ষাক্রমে পড়াশোনা করেছে। তাই এ বছর সেই ব্যাচের যেসব শিক্ষার্থী মানোন্নয়ন বা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে এসএসসি পরীক্ষায় অংশ নেবে, তাদের পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসেই অনুষ্ঠিত হবে।

 

উল্লেখ্য, শিক্ষাক্রম বাতিল করে জারি করা পরিপত্রে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়ার ঘোষণা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এরপর গত বছরের ২৮ ডিসেম্বর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বিভাগ বিভাজন ফিরিয়ে এনে সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন প্রকাশ করে। পরবর্তীতে ২ জানুয়ারি বাংলা বিষয়ের সিলেবাসে কিছুটা পরিবর্তন এনে সংশোধিত সিলেবাসও প্রকাশ করা হয়েছিল।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন