দীর্ঘ প্রতীক্ষা, জল্পনা-কল্পনা আর নানা রাজনৈতিক সমীকরণের অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা করা হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি সারা দেশে ৩০০ সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শুধু সংসদ নির্বাচনই নয়, ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট।
বৃহস্পতিবার (১১ই ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন।
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচারিত এই ভাষণের মধ্য দিয়ে দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমের সূচনা হলো।
সিইসি ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের সময়সূচি- মনোনয়নপত্র জমা ও শেষ সময় ২৯শে ডিসেম্বর। বাছাই ৩০শে ডিসেম্বর থেকে ৪ঠা জানুয়ারি। আপিল ও নিষ্পত্তি ১১ই জানুয়ারি আপিল দায়ের এবং ১২ই থেকে ১৮ই জানুয়ারি নিষ্পত্তি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০শে জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১শে জানুয়ারি। প্রচারণা ২২শে জানুয়ারি থেকে ১০ই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ ১২ই ফেব্রুয়ারি, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত (বিরতিহীন)।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করা একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় এবং ভোটারদের সুবিধার্থে এবার ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। সকাল ৮টার পরিবর্তে ভোট শুরু হবে সাড়ে ৭টায় এবং চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এছাড়া প্রতিটি কেন্দ্রে গোপন কক্ষের সংখ্যাও বাড়ানো হচ্ছে।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখের বেশি। এর মধ্যে ৩ লাখের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।
ডিবিসি/এসএফএল