চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ না নিলেও দেশের ক্রিকেট ভক্তদের জন্য বড় সুখবর দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে আয়োজিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেয়েছে টাইগাররা। আইসিসির কোয়ালিফিকেশন নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে উত্তীর্ণ ৮টি দলের সঙ্গে দুই আয়োজক দেশ এবং র্যাঙ্কিংয়ের শীর্ষ দলগুলো সরাসরি ২০২৮ আসরে অংশ নেবে।
সেই হিসেব অনুযায়ী, এবারের বিশ্বকাপে সুপার এইটে খেলা ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান ইতিমধ্যেই পরবর্তী বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেছে। স্বাগতিক দেশ হিসেবে অস্ট্রেলিয়া সরাসরি খেলার সুযোগ পাচ্ছে। এদিকে নিউজিল্যান্ড সুপার এইটে ওঠার পাশাপাশি আয়োজক দেশ হওয়ায় একটি বাড়তি কোটা তৈরি হয়েছে। ফলে আইসিসি র্যাঙ্কিং বিবেচনায় আফগানিস্তান ও আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশও সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে।
আইসিসি তাদের বিবৃতিতে জানিয়েছে, ২০২৮ বিশ্বকাপের অংশগ্রহণের জন্য আগামী ৯ মার্চ পর্যন্ত দলগুলোর র্যাঙ্কিং বিবেচনা করা হবে। যেহেতু এই নির্ধারিত সময়ের আগে বাংলাদেশ, আফগানিস্তান কিংবা আয়ারল্যান্ডের কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ নেই, তাই তাদের র্যাঙ্কিং পয়েন্ট কমার কোনো আশঙ্কা নেই। ফলস্বরূপ ১০ম, ১১তম ও ১২তম দল হিসেবে এই তিন দেশ সরাসরি মূল আসরে জায়গা করে নিল। ২০২৬-এর বিশ্বকাপে না থাকার আক্ষেপ ঘুচিয়ে ২০২৮-এর বড় মঞ্চে টাইগারদের দেখার অপেক্ষায় থাকবে সমর্থকরা।
ডিবিসি/এফএইচআর